একটি ভবনে পানি নেই ঘরের দরজা-জানালা ভাঙা দীর্ঘদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ী সিটি করপোরেশন আবাসিক কলোনি। এর ৪ নম্বর ভবনের (বিল্ডিং) প্রতিটি ফ্ল্যাটের দরজা-জানালা ভাঙা। মেঝের ইট-সুরকি উঠে গেছে। তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। অথচ কলোনির অন্য ভবনের কোনো কোনো ফ্ল্যাটে শোভা পাচ্ছে দামি টাইলস। এ রকমই অভিযোগ করেছেন ৪ নম্বর ভবনের বাসিন্দারা।
চার দিন ধরে ভবনটির বাসিন্দারা কেউ পানি পাচ্ছেন না। পানি তোলার মোটর নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। তাই নিজেরাই মোটর সারানোর উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। গত শনিবার মোটর নষ্ট হয়ে যায়।
করপোরেশন সূত্রে জানা যায়, আবাসিক কলোনির ৪ নম্বর ভবনে আটটি পরিবার বসবাস করে। পানির মোটর নষ্ট হয়ে যাওয়ার পর কয়েক দিন তারা পানির ট্যাংক থেকে পানি উঠিয়ে দৈনন্দিন ঘর-গৃহস্থালির কাজ সেরেছে। এ ব্যাপারে করপোরেশনের তরফ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল মঙ্গলবার আট পরিবার চাঁদা তুলে মোটর সারানোর ব্যবস্থা নিয়েছে।
এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে ৪ নম্বর ভবনের এক বাসিন্দা বলেন, ‘রমজানের দিনে পানি নিয়ে কত দিন কষ্ট সহ্য করা যায়। এত দিন আমরা ট্যাংক থেকে পানি তুলে কাজ চালিয়েছি। করপোরেশন ব্যবস্থা না নেওয়ায় এখন বাধ্য হয়েই আট পরিবার ভাগাভাগি করে টাকা দিয়ে মোটর ঠিক করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি অভিযোগ করেন, ‘আমি ২০০৭ সালে ফ্ল্যাটে ঢোকার পরে এর কোনো সংস্কার হয়নি। এ ব্যাপারে করপোরেশনে লেখালেখির পরে ২০১০ সালে ফ্ল্যাট সংস্কারের জন্য এক লাখ ৯৫ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো কাজই হয়নি। ফ্ল্যাটের বাথরুমসহ বিভিন্ন ঘরের দরজা-জানালা ভাঙা, মেঝের ইট-সিমেন্ট সরে গেছে। এর মধ্যেই আমরা বসবাস করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, দু-এক দিনের মধ্যে পানির সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি। এ ছাড়া, এলাকায় নতুন করে একটি পানির পাম্প বসানোর ব্যাপারেও দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে।’ ফ্ল্যাট সংস্কারের ব্যাপারে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২০১০ সালে দরপত্র ডাকার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘সেবার দরপত্র ডাকা হলেও ঠিকাদার কাজ করেনি। মাঝেমধ্যেই এ রকম সমস্যা হয়। এ ব্যাপারে আমরা শিগগির পুনঃ দরপত্র (রি-টেন্ডার) আহ্বান করব।’