ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত মহাজোটের প্রার্থী কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, ‘আমাকে একটি ভোট দিন। আমি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকব।’ গতকাল মঙ্গলবার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নে গরুর মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
মামুনুর রশিদ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের উপদেষ্টা। তাঁর সমর্থনে গতকাল বিকেলে জিনোদপুর ইউনিয়ন জাতীয় পার্টি ওই জনসভার আয়োজন করে। এতে স্থানীয় জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কাজী মামুনুর রশিদ।
মামুনুর রশিদ বলেন, ‘সবার সহযোগিতা পেলে নবীনগরকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে। আপনাদের মূল্যবান ভোটই আমাকে সংসদে পাঠাতে পারে। আমি নির্বাচিত হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে না।’
উপজেলার উত্তরের ছয় ইউনিয়ন জিনোদপুর, লাউরফতেহপুর, রসুল্লাহবাদ, শ্যামগ্রাম সাতমোড়া ও ইব্রাহীমপুরের জাতীয় পার্টির নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভায় অংশ নেন। সেখানে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে কাজী মামুনুর বলেন, সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ করে দিন। মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিন। তিনি আরও বলেন, ‘নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকব। কেউ জাতীয় পার্টির নেতা-কর্মীদের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরাতে পারবে না। মরে যাব, লাশ হয়ে যাব, তবুও নির্বাচন ছাড়ব না।’
জনসভায় জাতীয় পার্টির শাসনামলে দেশে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে সরকারের সমালোচনা করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন এ মহাজোটের প্রার্থী। তিনি আরও বলেন, ‘নবীনগরে লাঙ্গলের গণজোয়ার উঠেছে। আমি কৃষকের ছেলে। এলাকার মানুষের দুঃখ–কষ্ট অনুভব করতে পারি। তাই আপনার সন্তান হিসেবে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি জীবন বাজি রেখে আপনাদের জন্য কাজ করব।’