একটি ভ্রাম্যমাণ আদালত এবং...
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর বাঁ হাতের চার আঙুলে সুই ঢুকিয়ে জোর করে স্বীকারোক্তি আদায়ের পর তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। নির্যাতনের শিকার ওই ব্যবসায়ীর নাম নাজমুল হোসেন (৪৫)।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ডেপুটি কালেক্টর (নেজারত) নাজমুল আহসান গত ১২ আগস্ট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) ছফিউর রহমান ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় প্রথম শ্রেণির কর্মকর্তাদের ডরমিটরির পাশে নাজমুলের দোকান রয়েছে। দোকানের রেফ্রিজারেটরে আইসক্রিম ও কোমল পানীয়র সঙ্গে মাছ-মাংস রাখা এবং আবাসিক বিদ্যুৎ-সংযোগ থেকে লাইন টেনে দোকান চালানোর দায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয় দোকানটি। ১৯ দিন কারাভোগ করে নাজমুল হোসেন জামিনে বেরিয়ে ঢাকায় চিকিৎসা নেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নাজমুল আহসান গত সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী নাজমুলের ওপর কোনো নির্যাতন চালানো হয়নি। আদালত এলাকায় আনসার সদস্য সহিদুল হোসেন তাঁকে লাঠি দিয়ে একবার আঘাত করলে তিনি বরং আনসার সদস্যকে বকাঝকা করেছিলেন। তিনি বলেন, ভোক্তা অধিকার, বিশুদ্ধ খাদ্য আইন ও বিদ্যুৎ আইনে নাজমুলকে সাজা দেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতা পরিদর্শক ছফিউর রহমান ভূঁইয়া বলেন, ‘আমাকে আদালতের প্রণব বাবু ফোন দিয়ে দাতিয়ারায় যেতে বলেন। আমি গিয়ে দেখি, এনডিসি স্যার আগেই ওই দোকানে উপস্থিত। ওই দিন দাতিয়ারা এলাকার আর কোনো দোকানে তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেননি।’
গত শনিবার ব্যবসায়ী নাজমুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর দোকান থেকে স্থানীয় অনেক সরকারি কর্মকর্তা বাকিতে জিনিসপত্র নিতেন। এনডিসি নাজমুলের কাছে ১০টি সিগারেটের দাম পাওনা ছিল। গত মার্চে তিনি বকেয়া চাইলে নাজমুল বিরক্ত হন। পরে বকেয়া পরিশোধ করে তাঁর দোকান থেকে তিনি মালামাল নেওয়া বন্ধ করে দেন।
ব্যবসায়ী নাজমুল বলেন, গত জুলাইয়ে ডরমিটরির সামনের পুকুরে নাজমুল আহসানের শিশুসন্তান পড়ে যায়। পরে আনসার সদস্যরা তাকে উদ্ধার করেন। ১১ আগস্ট জেলা তথ্য কর্মকর্তা তারিক মোহাম্মদ তাঁর দোকানে এসে ওই শিশুর পানিতে পড়ার বিষয়ে জানতে চান। তিনি তথ্য কর্মকর্তাকে বলেন, ‘আনসার সদস্যরা থাকায় সেই দিন স্যারের বাচ্চা বাইচ্চা গেছে। কিন্তু তথ্য কর্মকর্তা এনডিসি নাজমুলের কাছে গিয়ে উল্টো বলেন, আমি তাঁর সন্তানের মরণ কামনা করেছি। এর পরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমাকে ধরে নিয়ে নির্যাতন ও শাস্তি দেওয়া হয়।’
নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ওই ব্যবসায়ী বলেন, ‘দোকান থেকে আমাকে গাড়িতে করে নেওয়ার সময় এনডিসি নাজমুল আনসার বাহিনীর সদস্য সহিদুল হোসেনকে বলেন, “আমার ক্ষোভ মজাইতে পারলাম না। অফিসে নিয়ে তাকে ভালো কইরা শায়েস্তা করবা। আমি তো পিটাইতে পারব না।”’
ব্যবসায়ী নাজমুল অভিযোগ করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার একটি কক্ষে নিয়ে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। সেখানে জেলা তথ্য কর্মকর্তাও ছিলেন। আনসার সদস্য সহিদুল তাঁর বাঁ হাতের কনিষ্ঠ আঙুল ছাড়া বাকি চারটি আঙুলে সুই ঢোকান আর বলতে থাকেন, ‘বল, তুই স্যারের ছেলের মৃত্যু কামনা করেছিস?’ এভাবে টানা নির্যাতন চালিয়ে একপর্যায়ে তাঁর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়।
আনসার সদস্য সহিদুল ব্যবসায়ী নাজমুলকে পেটানোর কথা স্বীকার করলেও সুই ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। তিনি শনিবার প্রথম আলোর কাছে দাবি করেন, ‘স্যারের নির্দেশেই পিটিয়েছি। আমার কী করার আছে?