একটি মাঠ হত্যার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলের খেলার মাঠে দাপ্তরিক ভবন নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। দ্বিতল ভবনটির ভিত গড়তে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। ছবিটি রাজশাহীর উপশহর আবাসিক এলাকা থেকে গতকাল তোলা l প্রথম আলো
স্কুলের খেলার মাঠে দাপ্তরিক ভবন নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। দ্বিতল ভবনটির ভিত গড়তে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। ছবিটি রাজশাহীর উপশহর আবাসিক এলাকা থেকে গতকাল তোলা l প্রথম আলো

রাজশাহীতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপশহর আবাসিক এলাকায় একটি স্কুলের খেলার মাঠে দাপ্তরিক ভবন নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
এলাকাবাসী বলছেন, এখানে এই ভবন নির্মাণ করা হলে উপশহর এলাকার একমাত্র খেলার মাঠটিকে হত্যা করা হবে। প্রতিবাদে এলাকায় লিফলেট বিতরণ করেছেন তাঁরা। আপত্তি জানিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষও।
উপশহরের রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠের এক পাশে ছয়তলা ভিতের দ্বিতল ভবনটি নির্মাণ করা হচ্ছে। ৫ জানুয়ারি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এই নির্মাণকাজের উদ্বোধন করেন। ভিত তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছে এখন। প্রায় এক একর আয়তনের মাঠটির এক-তৃতীয়াংশ নিয়ে দাপ্তরিক ওই ভবন নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসী জানান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছয়তলা ভবন নির্মাণের জন্য জায়গাটি নির্বাচন করা হয়েছে। ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে প্রাথমিকভাবে দ্বিতল ভবন নির্মাণ করা হবে। এক বছরের মধ্যে কাজ শেষ হবে। এটি রাজশাহীর বিভিন্ন এলাকার স্কুল-মাদ্রাসার উন্নয়ন ও আসবাব সরবরাহকাজের দপ্তর হিসেবে ব্যবহার করা হবে।
গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, হাইস্কুলের মূল ভবনের পশ্চিম পাশে শ্রমিকেরা মাটি খোঁড়ার কাজ করছেন। ভবনের নির্ধারিত জায়গায় অনেকখানি গর্ত খোঁড়া হয়েছে। পাশেই বালুসহ প্রচুর নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে।
ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেটে বলা হয়েছে, ‘উপশহর স্কুলের মাঠ থেকে তৈরি হয়েছে বহু খেলোয়াড়, যাঁরা দেশ-বিদেশে খেলছেন। খেলাধুলাই একমাত্র পারে মানুষকে নেশা থেকে দূরে রাখতে। উপশহর মাঠে ছেলেরা খেলাধুলা করে। বর্তমানে উপশহর ঐতিহাসিক মাঠে তৈরি হচ্ছে বহুতল ভবন। গলা টিপে হত্যা করা হচ্ছে ইতিহাসকে, একটি মাঠকে।’ এই খেলার মাঠ রক্ষার জন্য সবাইকে জেগে ওঠার আহ্বান জানানো হয় ওই লিফলেটে।
উপশহর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘এই স্কুলে পড়াশোনা করে এই মাঠে খেলাধুলা করে আমরা বড় হয়েছি। এলাকার প্রতিটি ছেলেমেয়ের শৈশব কেটেছে এই মাঠে। এখানে খেলাধুলা করে অনেক বড় বড় খেলোয়াড় তৈরি হয়েছে। এখন এই মাঠে এ ধরনের ভবন নির্মাণ করা হলে খেলাধুলার পরিবেশই থাকবে না।’
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী পরিমল কুমার কুড়ি বলেন, ‘আমরা জায়গাটি বিদ্যালয়কে দিয়ে দিয়েছি। এখন জমিটির মালিক বিদ্যালয়। তবে আমরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান করার জন্যই জায়গাটি দিয়েছি, কোনো সরকারি দপ্তর করার জন্য নয়। তারপরও তারা শিক্ষা মন্ত্রণালয়ের প্লানিং সেল থেকে অনুমতি পেলে অন্য কাজে ব্যবহার করতে পারে।’ তিনি আরও বলেন, বিষয়টি অবহিত করে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তাঁদের প্রকৌশলীরা গিয়ে আপত্তি জানিয়েছেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কাজ স্থগিত রাখতে বলা হয়েছে।
জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘একটা জায়গার জন্য আমরা রাজশাহী কলেজ, রাজশাহী মাদ্রাসাসহ বিভিন্ন জায়গায় ঘুরেছি। অবশেষে সবার মতামত নিয়ে ওই জায়গা নির্বাচন করা হয়।’ তিনি দাবি করেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কোনো আপত্তি করেনি। তিনি বলেন, জায়গাটা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ছিল। কিন্তু সেটা বিদ্যালয়কে দিয়ে দেওয়ায় তা এখন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। মন্ত্রণালয় এখানে ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে। ভবন নির্মাণের পর যে খেলার মাঠ থাকবে তা সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হবে বলে জানান তিনি। এলাকার কিছু অতি উৎসাহী লোক এর বিরুদ্ধে অপপ্রচার করছেন বলেও অভিযোগ করেন মিজানুর রহমান।
রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম বলেন, ‘আমরা জায়গাটি দিতে চাইনি। আসলে আমাদের কিছু করার ছিল না।’