একটি মামলায় রসু খাঁ খালাস
চাঁদপুরের আলোচিত পপি হত্যা মামলায় খালাস পেয়েছেন ক্রমিক খুনি রসু খাঁ। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এই রায় দেন। রসু খাঁর বিরুদ্ধে আরও ১০ নারীকে হত্যার অভিযোগে করা মামলা চািরাধীন রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।রায়ে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আইয়ুব খান রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘দ্রুত বিচার আদালতে আমরা ন্যায়বিচার পাইনি। তাই উচ্চ আদালতে এর বিরুদ্ধে আপিল করা হবে।’রায়ে বলা হয়, এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। যে হাকিম রসুর জবানবন্দি নেন, তিনি আইনের যথাযথ পদ্ধতি অনুসরণ করেননি। ১৬৪ ধারায় কোনো আসামির জবানবন্দি নেওয়ার সময় কার্যবিধির ৩৬৪ ধারার নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। নির্দিষ্ট ছকের ফরমের বিভিন্ন কলাম হাকিম পূরণ করেননি, যা ৩৬৪ ধারার বরখেলাপ। এ ছাড়া আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন বলে হাকিম কোনো সনদও দেননি। আদালত এই বিষয়গুলো তুলে ধরে রসু খাঁকে নির্দোষ বলে ঘোষণা করেন।২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি চাঁদপুরের নয়ারহাট এলাকার একটি খাল থেকে পপি নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে এই ঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। একই বছরের ২০ জুলাই গাজীপুরের টঙ্গী থেকে অন্য একটি মামলায় রসুকে পুলিশ গ্রেপ্তার করে। পরে পপি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রসু হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।আদালত সূত্র জানায়, পপি হত্যা মামলায় চাঁদপুরের বিচারিক হাকিম রহমত আলী ২০০৯ সালের ১১ অক্টোবর রসু খাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। পরের বছর ২০১০ সালের ৯ মে তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মীর কাসেম রসু খাঁকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ১৭ জনের সাক্ষ্য নেন আদালত। প্রসঙ্গত, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় দুই বছরে চাঁদপুরের বিভিন্ন খাল ও জলাশয় থেকে পুলিশ ১১ নারীর লাশ উদ্ধার করে। এসব ঘটনায় চাঁদপুরের বিভিন্ন থানায় ১১টি মামলা হয়। প্রথমে প্রতিটি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যর্থ হয়। তাই একে একে প্রায় সব কটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। একপর্যায়ে রসু খাঁ গ্রেপ্তার হন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রায় প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত বলে স্বীকার করেন।