একটি মুখের হাসির জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ ও নিলয় দুই ভাই। মেধাবী দুই ভাই দুজনই দশম শ্রেণিতে পড়ে। কিন্তু স্কুলের অন্য শিক্ষার্থীদের মতো স্বাভাবিক নয় তাদের জীবনটা। দুজনই জন্মগতভাবে ঠোঁটকাটা। স্পষ্ট করে কথা বলতেই সমস্যা হয়। অন্যরা তাদের কথা ঠিক বুঝতেও পারে না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বিতর্ক, গান, অভিনয়, বক্তৃতা এমনকি ক্লাসে অন্য সহপাঠীদের মতো পড়া বলাসহ অনেক কিছুই করতে পারে না তারা। ক্লাসে, গ্রামে, রাস্তাঘাটে তাদের অস্পষ্ট কথা নিয়ে ঠাট্টা-তামাশাও হয়। সন্তানদের জীবন থেকে এ কষ্টের সমাধান দিতে ফরিদপুরের রাজবাড়ী থেকে অনেক আশা নিয়ে ইস্ট ওয়েস্ট হাসপাতালে এসেছেন মিতা গোস্বামী। মিতার স্বপ্ন, তাঁর দুই সন্তান সুষ্ঠু হবে, স্পষ্ট করে কথা বলবে।
এমন অনেক স্বপ্ন ও আশার পূর্ণতা দিতে, একেকটি মুখে হাসি ফোটাতে গতকাল রোববার সকাল থেকে রাটগার্জ স্কুল অব ডেন্টাল মেডিসিন চিকিৎসকদের একটি দল সম্পূর্ণ বিনা মূল্যে এই জটিল অস্ত্রোপচার করছে রাজধানী উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও নার্সিং, আপডেট ডেন্টাল, স্মাইল বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রের রাটগার্জ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টায় ১৬ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে এই চিকিৎসাসেবা। স্মাইল বাংলাদেশের সভাপতি পেশায় চিকিৎসক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অধ্যাপক শহীদ আর আজিজের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিউজার্সির বিভিন্ন হাসপাতালের ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন এ সেবা দিতে।
কুমিল্লার লাকসাম থেকে ছয় মাসের শিশুসন্তান শুভকে নিয়ে এসেছেন জেসমিন আক্তার। ছেলেকে নিয়ে জেসমিনের অনেক স্বপ্ন, অনেক আশা। কিন্তু ছেলের ঠোঁটকাটা সমস্যা। তার মতো আরও অনেকেই নিজের ঠোঁট বা তালুকাটা ছেলে, মেয়ে, ভাই, বোনকে নিয়ে এসেছেন হাসপাতালটিতে। সবার আত্মীয়স্বজনের একই ইচ্ছা, তারা যেন স্পষ্ট করে কথা বলতে পারে। ৫ মার্চ থেকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে ৬৬ জনকে মূল অস্ত্রোপচারের জন্য নির্বাচন করেছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র থেকে স্মাইল বাংলাদেশের সঙ্গে চিকিৎসাসেবা দিতে আসা বিশেষজ্ঞরা অস্ত্রোপচারের বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করেন না। এমনকি বাংলাদেশে আসা-যাওয়ার খরচটাও সম্পূর্ণ নিজের।
দশমবার চিকিৎসাসেবা প্রদানের জন্য বাংলাদেশে আসা চিকিৎসক দলের সদস্য ইভোনি গ্রিনিচ বলেন, ‘আমি যখন বাংলাদেশে আসি, তখন আমার একটা বিষয় মনে হয় যে আমি কেউ একজনকে সাহায্য করছি। আমার ইচ্ছা ভবিষ্যতেও এই কাজের সঙ্গে যুক্ত থেকে অনেক বাচ্চা এবং মায়েদের মুখে হাসি ফোটান।’
স্মাইল বাংলাদেশ ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। ২০১০ থেকে এ পর্যন্ত সংস্থাটি তাদের চিকিৎসক দল নিয়ে ১৯ বার বাংলাদেশে এসেছেন। দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ২০০ রোগীর সফল অস্ত্রোপচার করেছেন তাঁরা।
স্মাইল বাংলাদেশের প্রশাসক ক্রিস্টিনা রোজারিও বলেন, এই সমস্যাটির কারণে অনেক বাচ্চা স্কুল বাদ দেয়, পড়াশোনা করে না। অথচ সমস্যাটির একটি অস্ত্রোপচারের মাধ্যমে কোনো মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব। স্মাইল বাংলাদেশের সভাপতি শহীদ আর আজিজ প্রথম আলোকে বলেন, ‘আমার জীবনের ভালো লাগার কাজগুলোর মধ্যে এটি অন্যতম।’