একটি যাত্রা, সারা দিনের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

ভালোভাবে শুরু হলে শেষটাও ভালো হয়—এমন ধারণা প্রচলিত থাকলেও অনেক ক্ষেত্রেই তা হয় না; অন্তত যাত্রাপথে। গতকাল মঙ্গলবার সেই তিক্ত অভিজ্ঞতা হলো। ভোরের আলো ফোটার পর যখন একটি-দুটি করে যানবাহন, আর ঘরের বদ্ধতা থেকে কিছু কিছু লোক পথে নামতে থাকেন, তখন খুব স্নিগ্ধ থাকে ঢাকার মৌন পরিবেশ। ছুটির দিনগুলোতে ভোরের সেই স্নিগ্ধ-মৌনতা আরও কিছুটা প্রলম্বিত হয়। 

জাতীয় শোক দিবসের ছুটি বলে সকাল সাড়ে সাতটাতেও সড়ক প্রায় জনবিরল। ভোরের সেই মৌনতার ভেতর দিয়ে যখন কল্যাণপুরে এসে পৌঁছানো গেল, তখন দিনাজপুরের দিকে শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এসেই গাড়ি পেয়ে বেশ ভাগ্যবানই লাগছিল মনে মনে। কিন্তু সেই যে কথা, কে জানে কী ছিল বিধাতার মনে!
গাড়ি ছাড়ার সময় সকাল সাড়ে আটটা। সকাল বলেই হয়তো একটু ঢিলেঢালা ভাব পরিবহনকর্মীদের। মিনিট ১৫ দেরিতে তাঁরা যাত্রা শুরু করলেন। তবে শিগগিরই দ্রুত থেকে দ্রুততর বেগে ছুটতে থাকল গাড়ি।
আমি যাব কুড়িগ্রাম। বন্যার পরিস্থিতি সরেজমিনে দেখতে। রাতেই অফিস থেকে কুড়িগ্রামে প্রথম আলোর প্রতিনিধি শফি খানের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, কুড়িগ্রাম শহরে পানি প্রবেশ না করলেও সরাসরি শহরে আসা যাচ্ছে না। পথ ডুবে গেছে। রংপুর এসে বিকল্প ব্যবস্থায় যেতে হবে। সে কারণেই যতটা সম্ভব ভোরে রওনা দেওয়া। গাড়ির সুপারভাইজার জানালেন, চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত চার লেনের কাজ চলছে। গাড়ি যাবে একটু ধীরে। আবার যমুনার অপর পারে সিরাজগঞ্জ রোডের মোড় থেকে রংপুরের দিকে রাস্তাও মাঝে মাঝে খারাপ। বিকেল পাঁচটা নাগাদ রংপুর শহরে পৌঁছানো যাবে বলে তিনি ভরসা দিলেন।
রওনা দিয়ে কুড়িগ্রামে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি জানালেন, পাঁচটায় রংপুরে পৌঁছালে অসুবিধা নেই। পরিস্থিতি একটু উন্নতি হয়েছে। বাস যোগাযোগ চালু হয়েছে। রংপুরের মডার্ন মোড়ে নেমে কুড়িগ্রামের মেল বা ঢাকার কোনো বাসে উঠলে দেড় থেকে দুই ঘণ্টায় পৌঁছানো যাবে। খুবই সহজ অঙ্ক, পাঁচ আর দুইয়ে সাত। আরও এক ঘণ্টা বাড়তি ধরলেও রাত আটটার মধ্যে কুড়িগ্রামে পৌঁছার কথা। সাভার পার হওয়ার পর গতির আবেশে চোখে তন্দ্রা এল। তারপর জগৎ-সংসার বিচ্ছিন্ন।
তন্দ্রা কাটল গাড়ি থেমে পড়ায়। সেটি টাঙ্গাইলের মির্জাপুরে। এরপর একটু থেমে একটু করে এগিয়ে দেলদুয়ার, জামুর্কী, অ্যালেঙ্গা হয়ে যখন বাইপাস মোড়ে এসে লম্বা লাইনে পড়া গেল, তখন দুপুর সাড়ে ১২টা। তবে তখনো বোঝাই যায়নি আসল দুর্ভোগ সামনে অপেক্ষমাণ।
সকাল পৌনে নয়টায় রওনা দিয়ে যমুনা সেতু পার হতেই বেজে গেলে দেড়টা। সেতু থেকে নামার পরে গাড়ি আর নড়ে না। শত শত গাড়ি লাইন দিয়ে আছে। বন্যা দেখা যাচ্ছে গাড়ির জানালা দিয়েই। উত্তর দিকে গ্রামগুলোর বেশি ভাগ বাড়িই টিনের বেড়া-টিনের ছাউনির। প্রায় জানালা ছুঁই ছুঁই পানি।
প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ে ছিলেন যাত্রীরা। গাড়ি কখনো দশ মিনিট, কখনো ১৫ মিনিট বা আধা ঘণ্টা পরে হয়তো ১০০-২০০ গজ এগোয়, তারপর আবার অসহ্য থেমে থাকা। বসে বসে হাত-পায়ে খিল ধরে যাওয়ায় অনেকে গাড়ি থেকে নেমে পড়েছেন। আশপাশের গাঁয়ের নানা বয়সী লোক এই মওকায় ব্যবসায় নেমে পড়েছেন। কেউ ঠান্ডা পানি ও কোমল পানীয়, কেউ বাদাম ইত্যাদি, কেউ বা ডালায় করে পেয়ারা, শসা নিয়ে হাজির। গাড়ি থেমে থাকলে যে ক্ষুৎপিপাসাও থেমে থাকবে এমন নিয়ম নেই। ফলে ওসব বিক্রিবাট্টা বেশ ভালোই হচ্ছিল।
এই দুর্গতির উৎস সম্পর্কে পরস্পরের মুখে মুখে সবাই জেনে ছিলেন, সামনের নড়বড়ে নলকা সেতু। ক্রমে ক্রমে সেখানে পৌঁছে দেখা গেল একপাশে নদী থেকে বালু তুলে বিশাল এলাকা চরের মতো করা হয়েছে। সেখানে নাকি বিকল্প সেতু করা হবে। প্রকৃতপক্ষে কী হবে, কে জানে! এই নলকা সেতু গত ঈদুল ফিতরের সময় থেকেই উত্তরাঞ্চলগামী মানুষের যাত্রাপথের সীমাহীন দুর্ভোগের উৎস হয়ে আছে। কোরবানির ঈদের আর মাত্র সপ্তাহ দু-এক বাকি। অবস্থা দেখে যা মনে হলো, ঈদের যাত্রীদের দুর্ভোগ তাদের দুঃস্বপ্নকেও ছাড়িয়ে যাবে।
নলকা সেতু পার হয়ে সলঙ্গা, হাটিকুমরুল পর্যন্ত সড়কের মাঝে মাঝে সংস্কারকাজ চলছে। ফলে এদিকটাতেও পালা করে এক পাশের গাড়ি বন্ধ করে অপর পাশের গাড়ি ছাড়া হচ্ছে। ফলে সিরাজগঞ্জ মোড় পর্যন্ত আসতেই প্রায় পাঁচটা বেজে গেল। লাইন এমন ছিল যে এর মধ্যে গাড়ি কোনো হাইওয়ে রেস্তোরাঁয় ঢোকার সুযোগই পায়নি। সিরাজগঞ্জ মোড় পার হয়ে মনে হয়েছিল বোধ হয় আর যানজট হবে না। কিন্তু এদিকটায় দেখা গেল গাড়ির লাইন রায়গঞ্জ ছাড়িয়ে গেছে। ফলে দুপুরের খাবারের জন্য রেস্তোরাঁয় আসার সুযোগ পাওয়া গেল শেরপুরের কাছাকাছি ফুড ভিলেজে এসে। দিন তখন প্রায় রাত্রির পথযাত্রী।
কুড়িগ্রাম যে আর যাওয়া যাবে না, সে কথা জানিয়ে রংপুরে আমাদের প্রতিনিধি আরিফুল হক রুজু ভাইকে বললাম, রাতে থাকার মতো একটি হোটেলে কামরা রাখতে। গুটি বসন্ত শুকিয়ে যাওয়ার পরে আক্রান্ত রোগীর মুখে যেমন অসংখ্য গর্ত তৈরি করে রেখে যায়, এ দিকটায় সড়কের অবস্থাও তেমনি। সারা সড়কে ছোট-বড় গর্ত। গাড়ি তার ভেতর দিয়ে যাচ্ছিল যেন ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে। নিরুপায় যাত্রীরা তাদের বাক্‌স্বাধীনতার পূর্ণ সদ্ব্যবহার করছিলেন ক্ষোভ, দুঃখ ও প্রতিকারহীন কষ্টের প্রকাশ ঘটাতে। সে সবের উদ্ধৃতি দেওয়া যায়, কিন্তু তাতে যেমন লাভ নেই, না দিলেও কিছু যায়-আসে না। লোকের কথায় কে কান দেবে?
বন্যা নিয়েও কথা বলছিলেন অনেকে। তাতে পরিস্থিতির অবনতি সম্পর্কে কিছুটা ধারণা হলো। আমার ঠিক পেছনের আসনেই দুই ভদ্র মহিলা ছিলেন। তাঁদের একজনের বাড়ি দিনাজপুর শহরে। তাঁর কাছে ঘন ঘন ফোন আসছিল (ফোন অবশ্য সবার কাছেই আসছিল, অবস্থান জানতে। কেউ নিজেই মাঝেমধ্যে ফোন করে সর্বশেষ অবস্থানের কথা জানাচ্ছিলেন উদ্বিগ্ন স্বজনকে।)। তাঁদের কথোপকথনে জানা গেল, তাঁর এক মেয়ে ঢাকায় কোনো এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। ওর চিকুনগুনিয়া হয়েছে। মা মেয়েকে দেখতে গিয়েছিলেন। এদিকে বাড়িতে কাল রাতে পানি উঠেছে। দিনাজপুর শহরে পানি আসবে, এটা তাঁরা ভাবতেই পারেননি। খাট, তোশক, জাজিম, সোফা সব নাকি পানিতে ডুবে গেছে। কোনোমতে ফ্রিজ আর কী যেন একটি জিনিস বাড়ির লোকেরা অন্য খানে সরিয়ে রাখতে পেরেছেন। রান্নাবান্না বন্ধ। হোটেল থেকে কিনে খাচ্ছেন। এই দুর্ভোগের মধ্যে তাঁর ফেরা নিয়ে বাড়ির লোকেরা উদ্বিগ্ন হয়ে খানিক পরপরই ফোন করে জানতে চাচ্ছিলেন তাঁর সর্বশেষ অবস্থান?
রংপুর শহরে নামলাম রাত ১০টায়। মেডিকেল কলেজের সামনে। এই জায়গাটি বেশ জমজমাট। বছর দুই আগে যেমন দেখেছিলাম, তার চেয়ে অনেক বদলে গেছে। এক পাশে ঝকঝকে অভিজাত বিপণিবিতান। অন্য পাশে বিয়েবাড়ির মতো আলোর সাজে সাজানো বেশ কয়েকটি খাবারের হোটেল। তারই একটি ‘সুপ্রিমা’। রুজু ভাই বললেন, রাতের খাবার খেয়েই নাহয় হোটেলে উঠবেন। ব্যাগ কাঁধে নিয়ে সুপ্রিমার দিকে রওনা দিতে দিতে সারা দিনের সঙ্গী বাসটির দিকে তাকালাম। জলমগ্ন দিনাজপুরের দিকে যেতে যেতে মিলিয়ে গেল তার অবয়ব।