একটি যুদ্ধ জয়ের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর পাঁচেক আগের কোনো এক সন্ধ্যাবেলা। অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ওমর আলী রংপুরে নিজের বাড়িতে হঠাত্ পা মচকে পড়ে গেলেন। সেদিন ঘুণাক্ষরেও তিনি ভাবতে পারেননি শরীরে বাসা বেঁধেছে রক্তের ক্যানসার। বয়স ৫০ পেরোয়নি। ছোট মেয়েটি তখনো বেশ ছোট। ওমর প্রতিজ্ঞা করলেন, ক্যানসারকে তিনি হারিয়ে দেবেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর ওমর আলী এখন অনেকটাই নিশ্চিত তিনি ক্যানসারকে হারাতে পেরেছেন। তাঁর শরীরের অস্থিমজ্জা রক্ত তৈরি করছে। তিনি এখন সুস্থ। বাড়িতে স্ত্রী, দুই মেয়ে—সব মিলে যেন চাঁদের হাট বসেছে।
একটি বিষয়ে সবাই একমত যে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রক্রিয়া ভীষণ কঠিন ও খুব কষ্টের। চিকিত্সার বিভিন্ন স্তরে ওমর আলীর মনে হয়েছে আজই হয়তো শেষ দিন। ৫ মার্চ যে বিশেষ কেবিনে তিনি ঢুকেছেন, সেখান থেকেই হবে তাঁর শেষ যাত্রা।
প্রথম আলোকে দেওয়া সাক্ষাত্কারে ওমর আলী বলেছেন তাঁর রক্ত ক্যানসারকে জয় করার গল্প। এই গল্পের অনেকটা জুড়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ইউনিটের প্রধান এম এ খান ও বিশ্বের খ্যাতনামা চিকিত্সাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের বাঙালি চিকিত্সক বিমলাংশু দে।
ওমর জানান, ২০০৯ সালের জুন মাসে পা মচকে যাওয়ার পর প্রথমে তিনি ভর্তি হয়েছিলেন রংপুরের একটি ক্লিনিকে। সেখান থেকে আরেকটি ক্লিনিক। সেই ক্লিনিকও কেন যেন তাঁর চিকিত্সা করল না। পাঠিয়ে দিল সোজা ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। সব পরীক্ষা-নিরীক্ষা করে এ হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচার করতে রাজি হয়নি। পরে সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোতাহার আলীর অনুরোধে সেখানে অস্ত্রোপচার হয় তাঁর। বায়োপসি রিপোর্ট দেখে চিকিত্সকেরা জানিয়ে দেন, এবার ওমর আলীর গন্তব্য মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণাপ্রতিষ্ঠান ও হাসপাতালে। সেখানে বিছানা ফাঁকা নেই, তাই ওমর আলী গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানেও বিছানা খালি নেই। এবার বিএসএমএমইউ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তখন থেকেই এম এ খানের সঙ্গে পরিচয়।
ওমর আলী জানান, তিনি চিকিত্সার জন্য ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালেও গিয়েছিলেন। ভেবেছিলেন শেষ চেষ্টাটা করবেন ভারতে গিয়েই। কিন্তু এম এ খান আশ্বস্ত করেছিলেন চিকিত্সা বাংলাদেশেই হবে এবং হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই।
৫ মার্চ থেকে ৫ এপ্রিল: সবকিছু গুছিয়ে গত বছরের অক্টোবরে ঢাকায় আসেন ওমর আলী। তাঁরসহ পাঁচজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু সে দফায় প্রতিস্থাপন হয়নি। বিমলাংশু দের নেতৃত্বে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের যে দলটির আসার কথা ছিল রাজনৈতিক অস্থিরতার কারণে মার্কিন সরকার তাঁদের ঢাকায় আসার অনুমতি দিচ্ছিল না। আবারও ক্ষণ গণনা শুরু।
অবশেষে আসে সেই মুহূর্ত। যে পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাঁদের মধ্যে ওমর আলীকেই উপযুক্ত বলে বেছে নিলেন চিকিত্সকেরা। স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে ৫ মার্চ ওমর ঢুকলেন একটি বিশেষ কেবিনে। হাতে শুধু একটি মুঠোফোন। স্ত্রী-স্বজন সবার ঢোকা মানা। ৬ এপ্রিল তাঁর শরীরে দেওয়া হলো উচ্চমাত্রার কেমোথেরাপি। শুরু হলো কঠিন এক সময়। পানিও খেতে পারেন না ওমর আলী। এরই মধ্যে ১০ মার্চ বিমলাংশু দে এলেন কেবিনে। বললেন, ‘আমরা আপনার শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করব। আপনি খুব দুর্বল হয়ে পড়বেন। ভীষণ অসুস্থ বোধ করবেন। তবে সব রকম সহযোগিতার জন্য আমরা আছি। আপনি কি রাজি?’
উত্তরে ওমর বললেন, ‘হায়াত-মউত আল্লাহর হাতে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি রাজি।’ ওমর আলীর সম্মতিতে চিকিত্সকেরা অস্থিমজ্জা প্রতিস্থাপন করলেন। কিন্তু বিশেষ কারণে তাঁর নামটি না প্রকাশের অনুরোধ করেছিলেন চিকিত্সকেরা।
১০ মার্চের পর থেকে ঠিক কী কী জটিলতায় পড়তে হয়েছে জানিয়েছেন এম এ খান। প্রথম আলোকে তিনি বলেন, ‘রোগীর ব্লাড কাউন্ট কমতে শুরু করেছিল। মুখে এত ঘা যে কথা বলতে পারে না। ফুসফুসেও ইনফেকশন।’ এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ থেকে ১ নম্বর ভবনে আনতে হলো ওমর আলীকে সিটি স্ক্যান করাতে। যদিও রোগীর জন্য তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল ঝুঁকিপূর্ণ। চিকিত্সকেরা নতুন একটি ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করলেন। ভীষণ দুর্বল এই রোগীর দেহে যেকোনো সংক্রমণই ভয়াবহ হয়ে উঠতে পারে। অবশেষে রিপোর্ট ভালো এল। নয় থেকে ১২ দিনের মধ্যে নতুন করে রক্তও তৈরি হতে লাগল। চিকিত্সকেরা বুঝতে পারলেন বাংলাদেশেই বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সম্ভব।
ইউনিটের চিকিত্সকেরা বলছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছে বিমলাংশু দের নাম। এম এ খান যখন রোগীকে দেখতে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তখন ফোনে যুক্ত হয়েছেন ডা. বিমলাংশু।
এই মুহূর্তে সাবেক এক সেনা কর্মকর্তা প্রস্তুত হচ্ছেন অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য। এ সপ্তাহের শেষেই শুরু হবে সেই প্রক্রিয়া। বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ইউনিটের প্রধান এম এ খান সবার দোয়া ও সমর্থন চেয়েছেন।