একটি রাস্তার জন্য চার গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাকা না করায় মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের চার গ্রামের সাত সহস্রাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে। তিন দশক আগে উপজেলা পরিষদ গঠনের পর সারা দেশে গ্রাম পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রায় সব রাস্তা পাকা করা হয়েছে। কিন্তু এ উপজেলার বয়রা-কাদিরপাড়া রাস্তাটি এখনো পাকা করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শতখালি ইউনিয়নের বয়রা-কাদিরপাড়া রাস্তার দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার। উপজেলা সদর ও ইউনিয়নটির অন্যান্য গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এটি। এই রাস্তার দুই পাশে বয়রা, গোবরা, কাদিরপাড়া ও দেওয়াডাঙা গ্রামে সাত সহস্রাধিক মানুষ বাস করে। গ্রামগুলোর অধিকাংশ মানুষ কৃষক। বর্ষায় রাস্তায় হাঁটু সমান কাদা হয়। এ কারণে কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে ভীষণ সমস্যায় পড়েন। এ সময় এ রাস্তায় ভ্যান, রিকশাসহ সব যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়।বয়রা গ্রামের কৃষক আবদুল মান্নাফ বলেন, তাঁদের গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে টেকেরহাট। বর্ষাকালে রাস্তায় কাদা-পানি জমে থাকায় ওই হাটে মাথায় করে ধানের বস্তা নিয়ে যাওয়ার জন্য দিনমজুরও পাওয়া যায় না। তাই অনেক সময় নিজেদেরই ধানের বস্তা মাথায় নিয়ে হাটে যেতে হয়। গোবরা গ্রামের বাসিন্দা পল্লি চিকিৎসক মো. টুকু মিয়া বলেন, ‘আমাদের চার গ্রামের মানুষের দুঃখ এই রাস্তা। রাস্তার কারণে গ্রামগুলোর উন্নয়ন থেমে আছে। রাস্তার এই দুরবস্থার কারণে কেউ এ গ্রামগুলোতে ছেলেমেয়ে বিয়ে দিতেও চান না।’ আইনজীবী ইখলাছুর রহমান জানান, রাস্তায় কাঁদা থাকায় বর্ষাকালে তিনি তাঁর মোটরসাইকেল ঘর থেকে বের করতে পারেন না। শুষ্ক মৌসুমে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হন। গোবরা গ্রামের ফজলুল হক বলেন, ‘প্রায় ২০ বছর ধরে আমরা রাস্তাটি পাকা করার জন্য চেয়ারম্যান ও সংসদ সদস্যদের কাছে অনুরোধ করে আসছি। ভোটের আগে তাঁরা আশ্বাস দেন। কিন্তু পরে কোনো কাজ হয় না।’শতখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘রাস্তাটি পাকা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অগ্রাধিকার তালিকায় দেওয়া হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না।’এলজিইডির মাগুরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, পাকা করার জন্য রাস্তাটি তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু বরাদ্দের অভাবে আপাতত কাজ করা যাচ্ছে না। বরাদ্দ পেলে যত দ্রুত সম্ভব এটি পাকা করে দেওয়া হবে।