ষোড়শ সংশোধনীর রায়ের ফলে একদল মনে করছে তাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। আরেক দল মনে করছে এই বুঝি তাদের গদি গেল। একটি রায়কে কেন্দ্র করে এসব উত্তেজনা কোনোভাবেই কাম্য নয়।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ‘রায়কে কেন্দ্র করে মন্ত্রীরা আবোলতাবোল বক্তব্য দিচ্ছেন। কীভাবে তাঁরা বলেন যে রাজনৈতিক বিবেচনায় বিচারক বা প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে? তার মানে তাঁরা নিজেরাই স্বীকার করছেন যে আমরা পুরো বিচার বিভাগকে রাজনৈতিকীকরণ করে ফেলেছি। হঠাৎ করেই তাঁদের ভেতরে যে কথাটি ছিল, সেটি বের হয়ে গেছে।’
তিনি বলেন, ‘বিচার বিভাগ সংকটে পড়লে কোনো রাজনৈতিক দলও ভালোভাবে থাকতে পারবে না এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে।’
সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল বারী লিখিত বক্তব্যে বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের কয়েক দিন পরই একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী রায়ের বিষয়ে আলাপ করার জন্য প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করেছেন এবং প্রকাশ্যে গণমাধ্যমে তা প্রচার করেছেন, যা নজিরবিহীন ঘটনা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এস এম এ সবুর, শফিকুর রহমান, আসাদুল্লাহ তারেক, এ কে এম জগলুল হায়দার প্রমুখ।