তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের দুটি ধারা বাতিল চেয়ে একজন আইনজীবীর করা রিট আবেদন গতকাল রোববার খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। একই দিনে হাইকোর্টের আরেকটি বেঞ্চে আইনটির ৫৭ ধারা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।
এদিকে আইনটির ৫৭ ধারা বিলুপ্তির নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে রিট আবেদন করেছেন শিক্ষক-লেখকসহ ১১ ব্যক্তি। আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
আইসিটি আইনের ৫৭ ও ৮৬ ধারা বাতিল চেয়ে ২৬ আগস্ট সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেয়ে ২৭ আগস্ট তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ইউনূছ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
ইউনূছ আলী প্রথম আলোকে বলেন, ‘আদালত বলেছেন রিট আবেদনটি অপরিপক্ব। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। তাই আবেদনটি খারিজ করা হয়েছে।’
এক রিটের শুনানি শুরু: আইসিটি আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে ২৭ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন রাজধানীর পল্লবীর বাসিন্দা জাকির হোসেন। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি শুরু হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমরান এ সিদ্দিকী ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল অমিত তালুকদার।
শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘শুনানিতে আমরা বলেছি, আইসিটি আইনের ৫৭ ধারা প্রশাসনকে নিরঙ্কুশ ক্ষমতা দিয়েছে, যা সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। আদালত সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।’
১১ জনের রিট: আইসিটি আইনের ৫৭ ধারা বিলুপ্তির নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-লেখকসহ ১১ ব্যক্তি। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ কামাল, আকমল হোসেন, গীতি আরা নাসরিন, ফাহমিদুল হক, তানজীম উদ্দিন খান, সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সংস্কৃতিকর্মী অরূপ রাহী, লেখক রাখাল রাহা ও আবদুস সালাম।
৫৭ ধারা বিলুপ্ত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে ২৭ আগস্ট সরকারের তিন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ওই ১১ জন। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দেওয়ায় গতকাল ওই ১১ জনের পক্ষে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, রিট আবেদনে আইসিটি আইনের ৫৭ ধারা বিলুপ্তির নির্দেশনা ও এ ধারাকে অসাংবিধানিক ঘোষণা চাওয়া হয়েছে। আবেদনে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সচিবকে বিবাদী করা হয়েছে। সোমবার এর ওপর শুনানি হতে পারে।