একটি রেগুলেটরের অভাবে ৫০০ একরে আবাদ বন্ধ
গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের বুক চিরে নির্মিত চতল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই বাঁধের কারণে ইউনিয়নের চকদাতেয়া গ্রামের পানি নিষ্কাশন হতে পারে না। ফলে ২৫ বছর ধরে গ্রামের কৃষকেরা প্রায় ৫০০ একর জমিতে আমন চাষ করতে পারছেন না। চকদাতেয়া গ্রামের কৃষক আবদুল জলিল (৫৫) বলেন, ১৯৮৬ সালে পানি নিষ্কাশনের জন্য চকদাতেয়া গ্রামে একটি খাল খনন করে চতল বাঁধটি নির্মাণ করা হয়। খালটি গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত আলাই নদীর সঙ্গে সংযুক্ত। এই নদী যমুনা নদীতে পতিত হয়েছে। ফলে খালের মুখ খোলা থাকায় প্রতিবছর আমন রোপণ মৌসুমের আগেই যমুনার পানি ঢুকে গ্রামটি প্লাবিত হয়। এ কারণে প্রায় ২৫ বছর ধরে আমন চাষ করতে পারছি না। একই গ্রামের প্রান্তিক কৃষক আবুল কাশেম (৬০) বলেন, বছরে একটিমাত্র ফসল উৎ পাদন হওয়ায় কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা শওকত আলী বলেন, ওই পরিমাণ জমিতে আমন চাষ হলে প্রায় ১৫ হাজার মন ধান উৎ পাদন হবে। এ প্রসঙ্গে গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, চতল বাঁধে রেগুলেটর নির্মাণের জন্য একটি প্রকল্প তৈরি করে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে ১৫ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পটির অনুমোদন পাওয়া গেলে রেগুলেটর নির্মাণ করা হবে।