ত্রুটিপূর্ণ ফিটনেস ও নকশার কারণে বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি কালাম খান-১-এর অনুমতি বাতিল করা হয়েছে। গত বুধবার রাতে লঞ্চটির যাত্রাও বাতিল করা হয়।
বিআইডব্লিউটিএর বরিশাল নৌবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার জানান, সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে সার্ভেতে লঞ্চটির ফিটনেস ও নকশায় ত্রুটি ধরা পড়েছে। ত্রুটিপূর্ণ অংশগুলো নকশা অনুযায়ী সংশোধন না করায় নৌযানটি নিরাপদ চলাচলের জন্য হুমকি মনে হয়েছে। এ কারণে বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় কার্যালয় রুট পারমিট বাতিলের জন্য চিঠি দেয়। ওই চিঠি বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ফ্যাক্সযোগে বরিশাল কার্যালয়ে পৌঁছায়। এরপর লঞ্চ কর্তৃপক্ষকে ডেকে লঞ্চের রুট পারমিট ও যাত্রা বাতিলের বিষয়টি জানানো হয়।
যাত্রা বাতিলের পর রাত আটটার দিকে বরিশাল নৌবন্দরে কালাম খান-১-এর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন লঞ্চটির প্রায় দুই হাজার যাত্রী। তবে তাঁদের অন্য লঞ্চে তুলে দেওয়া হয়।
হঠাৎ যাত্রা বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ লঞ্চের যাত্রীরা। তাঁদের কয়েকজন জানান, হঠাৎ লঞ্চ থেকে নামিয়ে দেওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়। বাকি লঞ্চগুলো আগে থেকেই যাত্রীবোঝাই থাকায় কষ্ট করে সেগুলোতে উঠতে হয়েছে তাঁদের।
লঞ্চযাত্রী হুমায়ুন কবির বলেন, ‘দিনের বেলা যদি যাত্রা বাতিল করা হতো, তাহলে আমরা দুর্ভোগে পড়তাম না।’ জানতে চাইলে বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লঞ্চের রুট পারমিট বাতিলের নির্দেশনা দিনে দেওয়া উচিত ছিল। রাতে লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়াটা অমানবিক হয়েছে।
এমভি কালাম খান-১ লঞ্চের সুপারভাইজার মোস্তাক আহম্মেদ জানান, রাত সাতটার দিকে নৌবন্দর কর্তৃপক্ষ তাঁদের ডেকে লঞ্চের যাত্রা বাতিলের বিষয়টি জানান।