একটি শর্তের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের চারটি দোকান ও ৭৮০ বর্গফুট আয়তনের দুটি তলা (ফ্লোর) বরাদ্দের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজারদরের চেয়ে কম অর্থ পাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আন্দরকিল্লা নগর ভবনের উল্টো দিকে নবনির্মিত দেওয়ানবাজার ওয়ার্ড কার্যালয়ের নিচে চারটি দোকানের মাশুল ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। শর্ত দেওয়া হয়েছে, ‘আগে আসলে আগে পাবেন’। তা সত্ত্বেও সিটি করপোরেশনের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি টাকায় দোকান বরাদ্দ চেয়ে আবেদনপত্র জমা পড়েছে। সিটি করপোরেশনের ভূমি শাখা সূত্রে জানা যায়, ‘আগে আসলে আগে পাবেন’ শর্তের কারণে কেউ পরে বেশি টাকায় আবেদন করলেও কম টাকায় আবেদন করেও আগের আবেদনকারী দোকানের বরাদ্দ পাবেন। গত ২৬ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিনে ৩০টিরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। জানা যায়, ইতিপূর্বে চিটাগাং শপিং কমপ্লেক্সে চারটি দোকান বরাদ্দের ক্ষেত্রেও চট্টগ্রাম সিটি করপোরেশন এই নিয়ম অনুসরণ করেছিল। সেখানে প্রতি বর্গফুট সর্বোচ্চ আট হাজার টাকা দরে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মাসিক সাধারণ সভায় তা অনুমোদনের মুহূর্তে একজন কাউন্সিলর আপত্তি জানিয়ে বলেন, বাস্তবে দোকানগুলো অনেক বেশি দরে বরাদ্দ দেওয়া সম্ভব। এরপর পুনঃ দরপত্র দেওয়া হলে দোকানগুলো সাড়ে ১৬ হাজার ও ১৮ হাজার টাকায় বরাদ্দ দেওয়া সম্ভব হয়। এতে নির্ধারিত দামের চেয়েও সিটি করপোরেশন অতিরিক্ত দেড় কোটি টাকা আয় করে। অভিযোগ রয়েছে, দেওয়ানবাজার ওয়ার্ড কার্যালয়ের দোকানগুলো বরাদ্দের ক্ষেত্রে একাধিক কাউন্সিলরের আগ্রহের কারণে সরকারি মূল্যের দোহাই দিয়ে প্রতি বর্গফুট বরাদ্দ মূল্য পাঁচ হাজার টাকা দেখানো হয়েছে। অথচ ওই ভবনের উল্টো দিকে নবনির্মিত একটি ভবনেই প্রতি বর্গফুট ফ্লোর বিক্রি হয়েছে আট হাজার থেকে ১০ হাজার টাকায়। আগ্রহীদের তালিকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর থেকে প্যানেল মেয়র ও তাঁদের আত্মীয়স্বজনের নাম রয়েছে বলে জানা যায়। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘দোকানগুলো নেওয়ার জন্য আমার কাছে অন্তত ৪০ জন লোক আগ্রহ দেখিয়েছেন। কিন্তু আমার পক্ষে তা সম্ভব নয় দেখে মেয়রকে বলেছি দরপত্রের মাধ্যমে বরাদ্দ দিতে।’ এ দোকানের পাশের একটি ভবনে প্রতি বর্গফুট আট হাজার টাকায় বিক্রি হলেও এখানে দাম এত কম কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ভবনের নিচে পার্কিংয়ের জায়গা আছে। আমাদের সে সুবিধা নেই।’ তিনি দাবি করেন, ‘এত ছোট দোকান কেনাবেচা করে টাকা কামানোর কোনো ইচ্ছা আমার নেই।’ তবে স্থানীয় মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘বাড়ির কাছেই দোকান। তাই একটা অন্তত নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি ভারত থেকে স্বামীসহ দেশে ফিরে দেখি, দোকান বরাদ্দের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি ততক্ষণে চারটি দোকানের জন্য ১৯ জন আবেদন করেছেন। তাই আবেদন করিনি।’ এ প্রসঙ্গে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি এখন মেয়রের বিবেচনাধীন। যত দূর জানি, দোকানগুলো বরাদ্দের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, দেওয়ানবাজার ওয়ার্ড কার্যালয়ের নিচতলায় অবস্থিত চারটি দোকানের সর্বমোট ৭৭৫ বর্গফুট এবং চতুর্থ ও পঞ্চম তলায় দেড় হাজার বর্গফুট ফ্লোর বরাদ্দের বিজ্ঞপ্তি গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এতে ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ বরাদ্দের কথা উল্লেখ করা হয়। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দোকান বরাদ্দের বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।’সিটি করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আন্দরকিল্লা মোড়ের কাছে অবস্থিত এসব দোকানের খোলা দরপত্র দিলে প্রতি বর্গফুট বরাদ্দের ক্ষেত্রে অন্তত ১০ থেকে ১২ হাজার টাকা পাওয়া যাবে।