একটি শহীদ মিনার চান উত্তরাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কে আয়োজন করা হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরা লেখক শিল্পী ক্লাবের আয়োজনে এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা l প্রথম আলো
উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কে আয়োজন করা হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরা লেখক শিল্পী ক্লাবের আয়োজনে এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা l প্রথম আলো

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারীদের স্মরণে গতকাল রোববার উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। উত্তরা লেখক শিল্পী ক্লাবের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন উত্তরার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কবি ও লেখকেরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সারা দেশেই ছিল নানান আয়োজন। রাজধানীর মূল আয়োজন ছিল কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক। তবে উত্তরা এলাকার বাসিন্দারাও বঞ্চিত হননি মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা থেকে।
সকালে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাবেক সচিব ও সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আউয়াল বলেন, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সেগুলো ছড়িয়ে দিতে এ অনুষ্ঠান। ১৮ বছর ধরে লেখক শিল্পী ক্লাব উত্তরায় মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন করছে।
গাছগাছালির ছায়ায় ৭ নম্বর সেক্টর পার্কের এক কোনায় বানানো হয় অনুষ্ঠানমঞ্চ। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গেয়ে শুরু হয় ২১ ফেব্রুয়ারির আয়োজন। সামনের সারিতে বসা দর্শকদের পাশাপাশি অনুষ্ঠান উপভোগ করেন পার্কে আগত দর্শনার্থীরা। মূল মঞ্চের পাশেই ছোট একটি স্টলে বিক্রি হয়েছে কবিতা ও গল্পের বই।
দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে অনুষ্ঠান দেখতে এসেছিলেন ৭ নম্বর সেক্টরের বাসিন্দা খালেদ আহমেদ। তিনি বলেন, ‘যে বাংলা ভাষার জন্য ভাষাসৈনিকেরা জীবন দিয়েছিলেন, সেই ভাষাই আজ নানা ক্ষেত্রে অবহেলিত। নতুন প্রজন্মকে ভাষার প্রতি ভালোবাসা তৈরিতে এমন অনুষ্ঠান আরও বেশি আয়োজন করা উচিত। উত্তরায় এমন আয়োজন দেখে ভালো লাগছে।’
শিল্পীরা মঞ্চে গাইছিলেন ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’, ‘ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা’র মতো ভাষার গান। উপস্থিত দর্শকেরাও গলা মেলাচ্ছিলেন তাঁদের সঙ্গে।
দিনব্যাপী অনুষ্ঠানে মধ্যাহ্নবিরতির সময় ছাড়া পরিবেশিত হয় দলীয় কবিতা, একক আবৃত্তি, একক ও দলীয় গান, নাচ, আলোচনা। সাংস্কৃতিক পর্বে অংশ নেন খেয়া শিল্পকলা একাডেমি, গীতাঞ্জলি ললিতকলা একাডেমি, আজনবি সংগীত একাডেমি, তাল কালচারাল স্কুল, পাঞ্জেরি নৃত্যকলা একাডেমি ও লেখক শিল্পী ক্লাবের শিল্পীরা। আয়োজক সংগঠনের সহসাধারণ সম্পাদক মাহবুব আমিন বলেন, উত্তরায় ভালো কোনো শহীদ মিনার নেই। শহীদ মিনার নির্মাণ করে দিতে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।