একটি শিল্পপ্রতিষ্ঠানের কারখানায় বারবার অসন্তোষের নেপথ্যে
নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুরে অবস্থিত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের কারখানায় বারবার শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এ অসন্তোষের পেছনে স্থানীয় কয়েকজন রাজনীতিক নেতার হাত রয়েছে বলে সরকারের একটি গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। এসব নেতা এখনো রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। যদিও গত সোমবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে।সোনারগাঁ থানা সূত্রে জানা গেছে, শুধু গত এক বছরে ওই কারখানায় ১৩ বার শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বছরের ২৪ আগস্ট, ২৯ আগস্ট, ২১ সেপ্টেম্বর, ৯ নভেম্বর এবং চলতি বছরের ৪ এপ্রিল, ২১ মে, ২৩ মে, সর্বশেষ ২৮ মে শ্রমিক বিক্ষোভ হয়। কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, এ শিল্প গ্রুপের ১৩টি ইউনিটে প্রায় ৪৫ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসেই এখানে নতুন শ্রমিক নিয়োগ হয়। কিন্তু অনিয়মের কারণে কর্তৃপক্ষ বিভিন্ন সময় শ্রমিক ছাঁটাই করেন। এ শিল্প গ্রুপের পরিত্যক্ত কাপড়সহ (ঝুট) বিভিন্ন ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করেন স্থানীয় কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক এবং তাঁর তিন ছেলে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম হক, র্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শামীম হক ও হানিফ হক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উপজেলা আওয়ামী লীগের সদস্য ওমর আলী মিস্ত্রির ছেলে মোশারফ ওমর কারখানাটির ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এ নিয়ে মোশারফ ওমরের সঙ্গে ফজলুল হকের পরিবারের কয়েক দফা সংঘর্ষ হয়। পরে ফজলুল হক এ কারখানার নিয়ন্ত্রণে মেয়ের জামাই কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আবদুল মান্নানকে নিয়োগ দেন। সূত্র আরও জানায়, মান্নান এ সুযোগ পেয়ে বেতন-ভাতার টাকা কম দিয়ে বিভিন্ন সময় মালিকের পক্ষ নিয়ে শ্রমিকদের ওপর নির্যাতন চালান। ২১ মে শ্রমিকেরা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করেন। গত শনিবার শ্রমিকনেতা মন্টু ঘোষসহ চারজন শ্রমিকের ওপর মারধরের পেছনে মান্নানের হাত রয়েছে বলে শ্রমিকেরা পুলিশ ও সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। এ ব্যাপারে গত রোববার আবদুল মান্নান বলেন, ‘কারখানার মালিক পক্ষ আমার শ্বশুর ও তাঁর পরিবারের সদস্যদের পছন্দ করে। এ কারণে কারখানার সব দায়িত্ব তাঁদের ওপর ছেড়ে দিয়েছে। আমি সাত মাস ধরে এ কারখানার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবসা করছি। কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই। আমরা সব সময় শ্রমিকদের পক্ষে কাজ করি।’ ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রথম আলোকে জানান, ওই কারখানার শ্রমিকদের সঙ্গে মোশারফ ওমরের ভালো সম্পর্ক রয়েছে। তাই শ্রমিকদের ইন্ধন দিয়ে মোশারফ ওমর তাঁর পরিবারের ক্ষতি করতে চান। শ্রমিক আন্দোলনের সঙ্গে মোশারফ ওমরের হাত রয়েছে। এ ব্যাপারে মোশারফ ওমর জানান, ‘ওই কারখানার শ্রমিকদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে এ কথা সত্য। কিন্তু শ্রমিক আন্দোলনের ব্যাপারে আমি কিছুই জানি না।’সিনহা গ্রুপের পরিচালক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, ফজলুল হকসহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সম্পর্ক ভালো। কারণ, কারখানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তাঁরা এখানে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করছেন। তাঁরা কারখানার ভেতরে শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করেন, বাইরে কার সঙ্গে কে কী আচরণ করেন, তা জানা নেই। তাঁরা কোনো সন্ত্রাসী কার্যকলাপ করলে তা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শ্রমিক অসন্তোষের সঙ্গে স্থানীয় কয়েকজন নেতা ও সন্ত্রাসী জড়িত। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে এর সত্যতা পেয়েছে। ইতিমধ্যে মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শ্রমিকনেতা মন্টু ঘোষসহ চারজনকে মারধরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।