একটি সম্প্রদায় চরিত্র হনন করে 'স্যরি' বলে পার পেতে চায়: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সমাজের একটি সম্প্রদায় মানুষের চরিত্র হনন করে ‘স্যরি’ বলে পার পেয়ে যেতে চায়। এই সম্প্রদায়টি ছাড়া বাকি সবাইকে অন্যায়ের জন্য জেলে যেতে হয়, অপরাধের শাস্তি পেতে হয়। 

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাপানের শিপ হেলথ কেয়ার হোল্ডিংস ও আইচি মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম অবশ্য ‘সম্প্রদায়টির’ নাম উল্লেখ করেননি।
শিপ-আইচি মেডিকেল সার্ভিস লিমিটেড রাজধানীর উত্তরায় ৬০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল তৈরির ব্যাপারে আজ আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে। এতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। হাসপাতালটির ১২০ শয্যায় দরিদ্র রোগীরা বিনা মূল্যে সেবা পাবে। এখানে হৃদরোগ, কিডনি ও অন্যান্য রোগের অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। শিপ হেলথ কেয়ার হোল্ডিংস সারা বিশ্বে মোট ১৪০টি হাসপাতাল পরিচালনার সঙ্গে যুক্ত আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘ডাক্তার সাহেব ভুল করলে জেল হবে। পলিটিশিয়ান, ব্যবসায়ীরা ভুল করলে শাস্তি হবে। আর লিখে, সেমিনার-সিম্পোজিয়াম করে কারও চরিত্র হনন করলে শুধু দুঃখিত বললেই চলবে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘রাজনীতিবিদেরা ভুল করতে পারেন, তবে রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ধারাবাহিকভাবে দেশে সেনা শাসন ছিল। তখন উন্নতির ধারা স্তব্ধ হয়ে গিয়েছিল। দেশে এখন রাজনৈতিক সরকারের অধীনে স্থিতিশীল পরিস্থিতি আছে বলেই বিদেশিরা বিনিয়োগে এগিয়ে আসছে।’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশে বিনিয়োগ করায় জাপানের শিপ হেলথ কেয়ার হোল্ডিংসকে ধন্যবাদ জানান। তিনি বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা বাড়ানোর যেকোনো উদ্যোগকে সহায়তার ঘোষণা দেন। পাশাপাশি তিনি হাসপাতালে মৃত শিশু আটকে রেখে যারা বিল আদায় করে, তাদের প্রতিহত করারও অনুরোধ করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক শিপ-আইচিকে চিকিৎসাসেবার ব্যয় মধ্যবিত্তের নাগালে রাখার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে শিপ হেলথ কেয়ার হোল্ডিংসের প্রেসিডেন্ট হিরাতোকা ওগাওয়া বলেন, ‘এসএইচআইপি শিপ সিনসিয়ারিটি (আন্তরিকতা), হিউম্যানিটি (মানবিকতা বোধ), ইনোভেশন (আধুনিকতা) ও পার্টনারশিপে (অংশীদারত্বে) বিশ্বাস করে। বাংলাদেশেও এই ধারা অক্ষুণ্ন থাকবে।’

বাংলাদেশের মানুষকে চিকিৎসাসেবা নিতে যেন দেশের বাইরে আর যেতে না হয় সেদিকে নজর থাকবে বলে উল্লেখ করেন শিপ-আইচি মেডিকেল সার্ভিসেসের পরিচালক উলফাত জাহান মুন। ধন্যবাদ জানান শিপ আইচি মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এম ইকবাল আর্সলান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য সালমা নাসরিন, জাপানি দূতাবাসের প্রথম সচিব তাকেসি মাতসুনাগো, শিপ আইচি মেডিকেল সার্ভিসেস ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, নির্বাহী চেয়ারম্যান হিরোইউকি কোবাইয়াশি প্রমুখ।