একটি সরগরম, অন্যটি উত্তাপহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-১৬ আসনের নির্বাচনী মাঠ কিছুটা সরগরম। ভোটের ঠিক আগের দিন গতকাল শনিবার ঢাকা-১৬ মিরপুরের পল্লবী এলাকা ও তার আশপাশ, রূপনগর, দুয়ারীপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, এখানে কিছুটা হলেও নির্বাচনী আমেজ রয়েছে। সড়কের ওপরে প্রার্থীদের পোস্টার ঝুলছে। রাস্তার পাশে, বাজারে, চায়ের দোকানগুলোতে নির্বাচন নিয়ে নানা আলোচনা চলছে।
আসনটিতে তিনজন প্রার্থী নির্বাচন করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এ আসনের স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক নেতা সর্দার মোহাম্মদ মান্নান ওরফে কচি। তাঁর প্রতীক আনারস। তৃতীয় প্রার্থী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. খালিদ হোসেন টেলিভিশন প্রতীক নিয়ে লড়ছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫ ও ৬ ওয়ার্ড নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকায় ভোটারসংখ্যা তিন লাখ ৪২ হাজার ৩৫৫ জন। প্রচার-প্রচারণায় মূলত ইলিয়াস ও মান্নানের কর্মী-সমর্থকদেরই বেশি দেখা যাচ্ছে।
গতকাল দুপুরে দুয়ারীপাড়া বাজারে হোসনে আরার চায়ের দোকানে গিয়ে দেখা গেল, নানা বয়সী ছয়-সাতজন কথা বলছেন। তাঁদের আলোচনার প্রধান বিষয় নির্বাচন পরিস্থিতি ও ভোট নিয়ে। চা তৈরির ফাঁকে ফাঁকে হোসনে আরাও সেই আলোচনার জবাব দিচ্ছিলেন। হোসনে আরা জানান, এখানে ভোটের আমেজ আছে।
নির্মাণশ্রমিক আল-আমিন ওই এলাকার ভোটার। তিনি বলছিলেন, ‘দুই প্রার্থীই এখানে সমান, কে জিতব হেইডা আগে কওন যাইতো না।’ ভোট দেবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘নাগরিক হিসেবে অবশ্যই ভোট দিতে যামু।’ একই প্রশ্নে হোসনে আরা হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলেন, ‘ভোটকেন্দ্রে যদি সমিস্যা না থাকে, তয় ভোট দিতে যামু না কেন?’ এই চায়ের দোকানে থাকা অটোরিকশাচালক শহর আলী, আমিন আলীও বললেন, তাঁরা ভোট দিতে যাবেন। পল্লবী বাসস্ট্যান্ডের ফলবিক্রেতা আবদুল জব্বার (৫৯) বলেন, ‘ইলিয়াস ও মান্নান দোনোজনেই এক পার্টির তো, হের লাইগ্যা লড়াই জমব।’ তিনি আরও বলেন, ‘ভোট দেওয়ার চেষ্টা করব, গন্ডগোল হইলে পলায়া জান বাঁচাব।’
স্থানীয় ভোটাররা জানান, ইলিয়াস মোল্লাহ্ ও সর্দার মান্নান দুজনই আওয়ামী লীগের লোক। এ নির্বাচনে ইলিয়াসের বেশ কয়েকজন শক্তিশালী কর্মী মান্নানের পক্ষে কাজ করছেন। এ তালিকায় আছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন মোল্লা। তিনি আগে ইলিয়াসের পক্ষে ছিলেন।
পল্লবী এলাকার মোল্লা বস্তিতে কথা হয় এ আসনের ভোটার পোশাক কারখানার কর্মী লিলি বেগম ও জাহানুরের সঙ্গে। তাঁরা জানান, নৌকা ও আনারস মার্কার দুই প্রার্থীর লোকজন তাঁদের বস্তিতে এসেছিলেন। তবে কেউ ভোট দিতে চাপ দেননি। ভোট দেবেন কি না জানতে চাইলে লিলি বেগম বলেন, ‘ভোট অপচয় করব না, ভোট দেব।’
একজন সরকারি কর্মকর্তা জানালেন, তিনি ভোট দেবেন না। তাঁর কথা, ‘এই একতরফা নির্বাচনের কোনো মানে আছে? যে টাকা ভাড়া দিয়ে ভোটকেন্দ্রে যাব, সেটাই তো লস।’
জানা গেল, নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সম্প্রতি সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষ থেকে পল্লবী থানায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেল, মিরপুরের বিভিন্ন এলাকায় বিহারিদের একটি অংশ আছে। তাঁরা নৌকায় ভোট দেন না।
পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাইস্কুল ও পল্লবী ডিগ্রি কলেজসহ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেল, নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন কক্ষে ভোট নেওয়ার আয়োজনে ব্যস্ত। রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা।
ঢাকা-১৫ আসন উত্তাপহীন: রাজধানীর কাফরুল ও মিরপুর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার ও স্বতন্ত্র প্রার্থী একই দলের মোহাম্মদ এখলাস উদ্দিন মোল্লাহ্র মধ্যে লড়াই জমলেও নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম। এর বাইরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন এ আসনে।
পুরো এলাকায় পোস্টার থাকলেও নির্বাচনী আমেজ চোখে পড়ল না। গতকাল এ এলাকার মনিপুর উচ্চবিদ্যালয় ও মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, আইশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন করার জন্য বিভিন্ন কক্ষে কাজ চলছে। গতকাল বেলা তিনটায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রধান প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘নির্বাচনের ব্যালট, কালিসহ অন্যান্য উপকরণ আমাদের হাতে এসেছে। সেগুলো সঠিকভাবে আছে কি না তা যাচাই-বাছাই করে দেখছি।’