একটি সাদাসিধা অথচ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

ভেবেছিলাম করোনা নিয়ে কখনো লিখব না। কারণ, এ বিষয়ে শত শত লেখা ইথারে ভেসে বেড়াচ্ছে, যার বেশির ভাগই আমার মনের কথা। কিন্তু একটি বিষয়ে আলোকপাত করার লোভ সংবরণ করতে না পেরে আমার এই ক্ষুদ্র প্রয়াস। করোনাকে আমরা শুরু থেকে হালকাভাবে নিয়েছি, এটা বাসি খবর এবং করোনা যে জাতপাত, উঁচু-নিচু ভেদাভেদ করে না, তার প্রমাণও আমরা ইতিমধ্যে পেয়ে গেছি।
এবার আসল কথায় আসি। করোনাকালে এই জাতির অন্যান্য অনেক অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যে শো অব, তথা বদন দেখানোর প্রবণতা খুব বেশি রকমেই প্রকট হয়ে উঠেছে! আমরা দেখেছি, ত্রাণ হিসেবে একটি সাবান দেওয়ার সময় ১০ থেকে ১৫ জন সাবানটি ধরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। সাবানের আকার ছোট, তাই গুটিকয় সৌভাগ্যবান ওটার নাগাল পেয়েছেন আর বাকিদের একটু ঝুঁকে সৌভাগ্যবানদের হাত ধরে পোজ দিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

এ তো গেল আমজনতা-পাতিনেতার কাণ্ডকারখানা। এখন আসি দেশসেবকদের কথায়। আপনারা নিশ্চয় দেখেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির চারপাশে কয়েক ডজন লোক শুধু ক্যামেরায় বদন দেখানোর জন্য কীভাবে হুমড়ি খেয়ে পড়েছিলেন? যেখানে ব্যক্তিগত সুরক্ষার লেশমাত্র ছিল না। সারা দিন মিডিয়াতে যেখানে সামাজিক দূরত্ব বা ব্যক্তিগত সুরক্ষার কথা বলা হচ্ছে, সেখানে কী অবস্থা, একবার চিন্তা করে দেখুন! জনসাধারণ কি এসব দেখেনি? তাহলে ওরা সাবধান হবে কীভাবে? যেখানে রক্ষকেরই এই দশা!
আবার জনৈক মন্ত্রীর ধান কাটার নামে শ খানেক লোক নিয়ে কৃষকের পাকা ধান মাড়িয়ে বিভিন্ন ক্যামেরার তোলা ছবিও আমরা দেখেছি। রাষ্ট্রের এহেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন ব্যক্তিগত নিরাপত্তার ধার না ধেরে এ কাজ করেন, তখন আম-আদমির আর দোষ কী?

এ কদিনে দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইহলোক ত্যাগ করেছেন। অনেকে অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন। আমি মনে করি, এর বেশির ভাগই হয়েছে নিজে সামাজিক দূরত্ব না মানার কারণে অথবা তাঁদের অনুসারীদের মানাতে বাধ্য করার ব্যর্থতায়।
করোনা একসময় চলে যাবে। কিন্তু যেতে যেতে এ রকম আরও অনেককে সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, এটাই এখন এ দেশের বাস্তবতা! কিন্তু এই শূন্যস্থান পূরণের জন্য আমরা কি প্রস্তুত আছি? ১৪ ডিসেম্বর ১৯৭১–এর কথা মনে পড়ে? কত বছরের জন্য এ দেশ পিছিয়ে গিয়েছিল?

একটি জাতির বিনির্মাণে নবীনের উদ্যামতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রবীণের অভিজ্ঞতা। নবীন-প্রবীণের এই ভারসাম্যই কেবল পারে একটি জাতিকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে। অতএব সাধু সাবধান। আপনার সুরক্ষা আপনারই হাতে।
*সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়