একটি সিদ্ধান্ত জানাতে নয় বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীটনাশকমুক্ত চিনি উৎপাদনে সরকারকে আখখেতের আইলে খয়েরগাছ লাগানোর প্রস্তাব দেন প্রকৃতি ও পরিবেশপ্রেমী যশোধন প্রামাণিক। ২০০৩ সালে এ প্রস্তাব দেন তিনি।প্রস্তাবটি বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগে দীর্ঘ নয় বছর ধরে ঘুরছেন যশোধন। খয়েরগাছ লাগানোর বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা নিজেদের মতামত জানিয়ে এ পর্যন্ত তাঁকে ৫০টি চিঠি দিয়েছে। কিন্তু একটি সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছে দীর্ঘ নয় বছর।চলতি বছরের এপ্রিল মাসে কৃষি মন্ত্রণালয় শেষ পর্যন্ত তাঁকে এক চিঠিতে জানিয়েছে, খয়েরগাছ লাগানোর অনুমোদন দেওয়া যুক্তিযুক্ত হবে না।খয়েরগাছ লাগানোর পেছনে যশোধনের যুক্তি, আখ চাষে কীটনাশকের ব্যবহার হয়। খয়েরগাছ লাগানো হলে খেতে আর কীটনাশক ব্যবহার করতে হবে না। এর কারণ হিসেবে তিনি বলছেন, পাখি বসার জন্য খেতের আইলে খয়েরগাছ লাগানো হবে। ক্ষতিকর কীটপতঙ্গ পাখিই সাবাড় করে ফেলবে। এই গাছে লাক্ষা চাষও হবে। এতে কীটনাশকমুক্ত চিনি পাওয়া যাবে, খয়ের শিল্পও রক্ষা হবে। কৃষকেরও বাড়তি আয় হবে।নয় বছরের যাত্রা: যশোধন প্রামাণিক ২০০৩ সালের অক্টোবরে আখখেতে খয়েরগাছ লাগানোর জন্য শিল্পমন্ত্রীর কাছে প্রথম আবেদন করেন। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত সে আবেদন শিল্প, কৃষি, বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে ঘুরেছে।আখখেতে খয়েরগাছ লাগানোসংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের চিঠির অনুলিপি যশোধনের কাছে সংরক্ষিত রয়েছে। এসব চিঠিতে খয়েরগাছের উপকারিতা ও গুণের কথাও বলা হয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রধান বন সংরক্ষক বন মন্ত্রণালয়ের সচিবের কাছে লেখা চিঠিতে বিশেষজ্ঞদের অভিমত দিয়ে জানান, খয়েরগাছ লাগালে ফসলের ক্ষতি হয় না। খয়েরগাছ মাটির উর্বরতা বাড়ায়। এ গাছের শিকড় মাটির অনেক গভীরে যায়, ফসলের সঙ্গে খাদ্যের কোনো প্রতিযোগিতা হয় না। ওই বছরেই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব কৃষকদের মাঝে খয়েরগাছের চারা বিতরণ প্রসঙ্গে জানান, আখের জমিতে খয়েরগাছ লাগানোর বিষয়টি রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়া জেলায় একটি প্রচলিত চাষাবাদ পদ্ধতি। রাজশাহী এলাকায় খয়ের তৈরি একটি শিল্প হিসেবে গড়ে উঠেছে। রং শিল্পে খয়ের ব্যবহূত হচ্ছে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ফলিত পুষ্টি ও মানবসম্পদ উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মোশারফ হোসেন কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর এক চিঠিতে লেখেন, আখখেতের জমির মধ্যে বা আইলে খয়েরগাছ লাগানোর জন্য কৃষকদের উৎসাহিত করা হবে।২০০৪ সালে প্রধান বন সংরক্ষক পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠিতে লেখেন, আখখেতে পাখি বসার উপযুক্ত ব্যবস্থা হিসেবে খয়েরগাছ লাগানো যায়। এই গাছ লাগালে ফিঙ্গেজাতীয় পাখি বসে পোকা খেয়ে ফসলের উৎপাদন বাড়াতে সহায়তা করবে। খয়েরগাছের ছায়া ফিকে হওয়ায় ফসলেরও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এ গাছের শিকড় নাইট্রোজেন ধরে রেখে মাটির উর্বরতা বৃদ্ধি করে কৃষকের বন্ধু হিসেবেও কাজ করবে।২০০৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবকে লেখা চিঠিতে জানান, রাজশাহী ও নাটোর জেলার বেশ কিছু মাঠে খয়েরগাছ আছে।২০০৫ সালের মে মাসে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা আখখেতে খয়েরগাছ লাগানো কতটা যৌক্তিক—এ সম্পর্কে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মতামত জানতে চায়। ওই বছরের জুন মাসে কৃষি গবেষণা ইনস্টিটিউট খয়েরগাছ লাগানোর পক্ষেই মত দেয়। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ওই বছরের আগস্ট মাসে জানায়, ইনস্টিটিউট এ বিষয়ে কোনো গবেষণা করেনি।সবশেষে গত ২৬ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল হামিদ যশোধন প্রামাণিককে চিঠি দিয়ে গাছ লাগানো যাচ্ছে না বলে মন্ত্রণালয়ের মতামত জানিয়ে দেন। যশোধন ও তাঁর কাজ: প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোধনের উদ্যোগে ২০০১ সালে নাটোরে ‘পক্ষিকুলের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্প’ নামে একটি কর্মসূচি চালু হয়। ধীরে ধীরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এ প্রকল্পটি জাতীয়ভাবে বাস্তবায়িত হচ্ছে।এ প্রকল্পের আওতায় বর্তমানে এয়ারগানের মাধ্যমে পাখি শিকার বন্ধ, এয়ারগানের আমদানি নিষিদ্ধ করা, পাখি রক্ষায় কৃষি কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বাড়ানো, শিক্ষার্থীদের বন্য পশুপাখি সংরক্ষণে সজাগ করা, কীটনাশকের বোতলে সতর্কবাণী লেখা, বানর ও হনুমান রক্ষায় উদ্যোগ, নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ ৪৫টি কার্যক্রম পরিচালিত হচ্ছে।নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামে যশোধন প্রামাণিকের জন্ম। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করা যশোধন প্রামাণিকের মতে, সরকারের বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ রক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এতে খরচ ও সময় দুটোই কম লাগবে।