একটি সেতু দেবে যাওয়ায় ৫০ হাজার মানুষের দুর্ভোগ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি সেতু তিন ফুটেরও বেশি দেবে গেছে। ফলে তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কার না করলে সেতুটি ধসে পড়তে পারে যেকোনো সময়। বন্ধ হয়ে যেতে পারে উপজেলা সদরের সঙ্গে ইউনিয়ন তিনটির যোগাযোগব্যবস্থা।দেবে যাওয়া সেতুটি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের শহীদ আবুল বশর সড়কের সাহেরখালী-দুয়ারু খালের ওপর অবস্থিত। উপজেলার খইয়াছড়া, মায়ানী ও হাইতকান্দি ইউনিয়নভুক্ত ১৫টি গ্রামের বাসিন্দাদের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম এ সড়কটি।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, খইয়াছড়া ইউনিয়নের ছাগলখাইয়া, চীেধুরীপাড়া, মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী, পশ্চিম মায়ানী, মধ্যম মায়ানী, দমদমা ও হাইতকান্দি ইউনিয়নের বড়ুয়াপাড়া, হাইতকান্দিসহ আশপাশের গ্রামগুলোতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। এলাকার মানুষের জন্য উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে শহীদ আবুল বশর সড়ক ছাড়া কোনো বিকল্প নেই। পাশাপাশি উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, মাজেদা হক উচ্চবিদ্যালয়, কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজীরহাট মাদ্রাসার শিক্ষার্থীদেরও প্রতিদিন যাতায়াতের একমাত্র মাধ্যম এ সড়কটি। কিন্তু সাহেরখালী-দুয়ারু খালের ওপর অবস্থিত সেতুটি হঠাৎ করেই দেবে যাওয়ায় সবাইকে এখন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শহীদ আবুল বশর সড়ক দিয়ে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে কাজীরহাট। কাজীরহাটের ওপর দিয়ে বয়ে গেছে সাহেরখালী-দুয়ারু খাল। খালের ওপর অবস্থিত সেতুটির পূর্বাংশ তিন ফুট দেবে গেছে। খালের পাড়ের প্রায় ৪০০ ফুট এলাকাও দেবে যাচ্ছে। পাড়ের কোনো কোনো অংশ ভেঙে পড়েছে খালের মধ্যে। যানবাহন চলাচলে ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দারা সেতুটির মুখে বাঁশের খুঁটি পুঁতে দিয়েছে।কাজীরহাট বাজারের ব্যবসায়ী অহিদুর রহমান জানান, সেতুটি নির্মাণ করা হয়েছিল প্রায় ১৫ বছর আগে। কিছুদিন আগে সেতুটির পূর্বাংশ কিছুটা হেলে যায়। তার পরও যানবাহন এবং মানুষ চলাচলে অসুবিধা হয়নি। কিন্তু ৮ অক্টোবর সকালে হঠাৎ করে সেতুটির তিন ফুটেরও বেশি দেবে যায়। যেকোনো সময় সেতুটি ভেঙে পড়ে যোগাযোগব্যবস্থা স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।মাজেদা হক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী চন্দনা শীল ও নিশিতা নাথ জানায়, সেতুটি দেবে যাওয়ায় তারা চলাচলে চরম অসুবিধায় পড়ছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানায় তারা।খইয়াছড়া ইউনিয়ন পরিষদের ৮ নন্বর ওয়ার্ডের সদস্য মাহফুজুল হক বলেন, সেতুর গোড়ার মাটি নরম হয়ে সেটি দেবে গেছে বলে তাঁর ধারণা। সেতুটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।মিরসরাই উপজেলা প্রকৌশলী আবুল হোসেন খান বলেন, তিনি সরেজমিনে সেতুটি পরিদর্শন করেছেন। স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলে দ্রুত সেতুটির সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।