একটি সেতু বদলে দিতে পারে ১২টি গ্রামের চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। উপজেলার মেরুং বাজারের পাশে মাইনী নদীর ওপর একটি সেতু হলে এই দূরত্ব অর্ধেক কমে যাবে। সেতুটি নির্মিত হলে হাজাছড়া এলাকার ১২টি গ্রামের জনজীবনের চিত্রও পাল্টে যাবে। এলাকাবাসী জানান, মাইনী নদীর ওপর সেতু না থাকায় বর্ষা মৌসুমে ১২টি গ্রামের মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি গ্রামের দুই শতাধিক পরিবারকে ৫০ কিলোমিটার পথ ঘুরে মেরুং আসতে হয়। সরেজমিনে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকা ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মাইনী নদীর ওপর সেতু না থাকায় হাজাছড়া, ছোট হাজাছড়া, সুরেশ কার্বারিপাড়া, বীর বাহু হেডম্যানপাড়া, অঙ্গদা মাস্টারপাড়া, বাবুন্যা কার্বারিপাড়া, অনিন্দ্য কার্বারিপাড়া, নেত্রজয় কার্বারিপাড়া, ছকাবাছড়া, ধন্যামাছড়া, জয়ন্ত কার্বারিপাড়ার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বাঁশের তৈরি সাঁকো পাড়ি দিয়ে মানুষকে বাজারে আসা-যাওয়া করতে হয়। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ লোকজনকে খরস্রোতা মাইনী নদী পার হতে হয়।হেডম্যানপাড়া এলাকার তুলশী রানী চাকমা, বাসন্তী চাকমা, হাজাছড়ার কামাল হোসেন, নেত্রজয় কার্বারিপাড়ার শান্তি চাকমাসহ এলাকার লোকজন বলেন, নির্বাচন এলে প্রার্থীরা এই সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তাঁদের দুর্ভোগের খবর আর কেউ রাখেন না। একটি মাত্র সেতুর কারণে তাঁদের গ্রামের কোনো উন্নয়ন হচ্ছে না। তাঁরা জমিতে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য পান না।মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, মেরুং বাজারের পাশে মাইনী নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে শুধু ১২টি গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে না, বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগও স্থাপিত হবে। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ১২টি গ্রামে কয়েক হাজার পরিবারের বসবাস। এখানে সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ১৫০ হেক্টরের মতো চাষাবাদের জমি রয়েছে এখানে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী প্রশান্ত কুমার হালদার বলেন, সেতুটি নির্মাণের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।