একটি সেতুর অভাবে অর্ধলাখ মানুষের ভোগান্তি
রাজবাড়ীর বহরপুরে হড়াই নদীর ওপর সেতু না থাকায় ১৪টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেতুর অভাবে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার প্রায় ৫০ হাজার মানুষকে ১৫-১৬ কিলোমিটার ঘুরে জেলা শহরে যেতে হয়। সরেজমিনে দেখা গেছে, জোয়াইরা বিলসংলগ্ন বহরপুর, পাকালিয়া, বাঘুটিয়া, নতুন চর, আরাঝি নারায়ণপুর, চরগোদা, মাতলাখালী, আড়কান্দি, পাটুরিয়া, বারুগ্রাম, বেতেঙ্গা, তুলসী বরাট, আশ্চর্যপুর ও কোমরদিয়া গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। এসব গ্রামে প্রচুর ফসল উৎ পাদিত হয় এবং বিলে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে। কিন্তু সেতু না থাকায় এখানকার ফসল ও মাছ রাজবাড়ী শহরে বিক্রির জন্য নিতে ঘুরতে হয় ১৫-১৬ কিলোমিটার পথ। বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম খান জানান, ইউনিয়নের বাঘুটিয়ায় হড়াই নদীর ওপর একটি সেতু (বাঘুটিয়া-কৈডাঙ্গা) নির্মাণ করা হলে ইউনিয়নের কমপক্ষে ১৪টি গ্রামসহ আশপাশের প্রায় ৪০-৪৫ হাজার মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম বলেন, ‘ওই এলাকায় সেতু নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা করব।