একটি সেতুর অভাবে তিন উপজেলার মানুষ দুর্ভোগে

কিশোরগঞ্জের তাড়াইল ও নেত্রকোনার মদন উপজেলার সীমান্তে বর্ণি নদীর ওপর সেতু না থাকায় তিনটি উপজেলার মানুষ দুর্ভোগে রয়েছে। সারা বছর তাদের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় নদী পারাপার হতে হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তাড়াইল ও মদন উপজেলার সীমানা নির্ধারণ করেছে বর্ণি নদী। নদীর উত্তরে তাড়াইলের ধলা ইউনিয়নের ধলা গ্রাম ও দক্ষিণে মদনের ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া গ্রাম। এ স্থানে এসে তাড়াইল-মদন সড়ক দ্বিখণ্ডিত হয়ে আছে।
নদীর দক্ষিণ পারের ধলা গ্রামের বাসিন্দা টিপু সুলতান ও সৈয়দ রুবেল বলেন, বর্ণি নদী তিনটি উপজেলার বাসিন্দাদের দুঃখে পরিণত হয়েছে। এ স্থানে সেতু হলে এলাকার জীবনযাত্রা পাল্টে যাবে।
এলাকাবাসী বলছেন, তাড়াইল-মদন সড়কটি এ দুই উপজেলার ৪৫টি গ্রামের পাশাপাশি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ছয়টি গ্রামের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ। মদন উপজেলার লোকজন এ সড়ক হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তিনটি উপজেলাই কৃষিনির্ভর। কিন্তু বর্ণি নদীতে সেতু না থাকায় চাষিরা উৎপাদিত পণ্য পরিবহনে জটিলতায় পড়েন। আর তাড়াইল ও মদন উপজেলার বাসিন্দাদের মধ্যে বিয়েশাদি উপলক্ষে যানবাহন নিতে হলে তখন কেন্দুয়া ও মদন উপজেলা সদর হয়ে প্রায় ৬০ কিলোমিটার ঘুরতে হয়।
ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, নদীটিতে একটি সেতু স্থাপন সময়ের দাবি। সেতুটি নির্মাণ হলে দুই তীরের মানুষের অর্থনীতিই গতিশীল হবে।
তাড়াইল উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, নদীটি দুই উপজেলার মাঝখানে হলেও সেখানে সেতু নির্মাণের দায়িত্ব এলজিইডি নেত্রকোনা কার্যালয়ের।
নেত্রকোনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম ইসমত কিবরিয়া গত মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বর্ণি নদীর ওই স্থানে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি আশা করছেন, শিগগিরই সেটি অনুমোদন পাবে।