একটি সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
একটি সেতুর অভাবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের ১০ গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে।
মরিচার চর গ্রামের ইমাম উদ্দিন (৬৫) জানান, উপজেলার হাঁসের আলগী গ্রামে কাঁচামাটিয়া নদীর ওপর সেতু না থাকায় দুই পাড়ের তারুন্দিয়া ও উচাখিলা ইউনিয়নের ১০ গ্রামের মানুষ বিপাকে পড়েছে। তারা বাধ্য হয়ে নৌকায় করে নদী পার হয়ে হাটবাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছে।
উচাখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম ও তারুন্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হালিম জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। একটি সেতু নির্মাণ করা হলে ১০টি গ্রামের ৫০ হাজারের বেশি মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের শাখা কাঁচামাটিয়া নদী। এটি উচাখিলা ইউনিয়নের হাঁসের আলগী গ্রামের ভেতর দিয়ে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলা হয়ে ভৈরবের মেঘনা নদীতে মিলিত হয়েছে। এককালে কাঁচামাটিয়া ছিল খরস্রোতা। বর্তমানে এ নদীর পানি কমে গেলেও হাঁসের আলগী এলাকায় এখনো রয়েছে বিশাল জলরাশি। নদীর পশ্চিম পারে মরিচার চর, ভোলার আলগী, কাশিয়ার চর, হাঁসের আলগী ও রাফিয়ার আলগী এবং পূর্ব পারে নাওভাঙ্গা, মাটিখলা, বালিহাটা, তারুন্দিয়া ও তাহেরপুর গ্রাম। এ ১০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ নৌকা দিয়ে দুই পারে যাতায়াত করে থাকে।
সরেজমিনে দেখা গেছে, নৌকায় করে শিক্ষার্থী, হাটুরে ও বিভিন্ন পেশার লোকজন নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চরাঞ্চলের গ্রামগুলোতে ধান, পাট ও শাকসবজির ব্যাপক উৎপাদন হয়। এসব কৃষিপণ্য সুষ্ঠু পরিবহনের অভাবে উপজেলা ও জেলা শহরে বাজারজাত করা যাচ্ছে না। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কৃষক আবদুল আলী (৬০) জানান, পারাপারের অসুবিধার কারণে তাঁরা ফসলের ন্যায্যমূল্য পান না। তারুন্দিয়া গ্রামের আবুল হাসেম বলেন, শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে নদী পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকে। বছর খানেক আগে নৌকাডুবিতে হাঁসের আলগী গ্রামের দুই সহোদর শিক্ষার্থী মারা যায়। বর্ষাকালে শিক্ষার্থীরা নদী পারাপারের সমস্যার কারণে দুই মাস স্কুল-কলেজে যেতে চায় না।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী দীন মোহামঞ্চদ জানান, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর হাঁসের আলগীতে সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।