একটি সেতুর অভাবে ১৩ বছর ধরে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেতুর অভাবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ ১৩ বছর ধরে দুর্ভোগে রয়েছে। তারা ছয় কিলোমিটারের পথ ঘুরে ১২ কিলোমিটার পাড়ি দিয়ে উপজেলা শহরে যাতায়াত করছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, বেসরকারি সংস্থা আরডিআরএস ১৯৮৫ সালে উপজেলার মাঝিপাড়া-পাটগ্রাম আঞ্চলিক সড়কের মাঝিপাড়া গ্রামে উকুনী নদীর ওপর একটি সেতু নির্মাণ করে। এর দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। পাটগ্রাম ইউনিয়নের মাঝিপাড়া, পশ্চিম মাঝিপাড়া, কামাতপাড়া, ডাঙ্গাপাড়া, পেদিরবাড়ী ও কাউয়ামারী গ্রামের মানুষ সেতু দিয়ে চলাচল করত। ১৯৮৮ সালের বন্যায় এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে ১৯৯৯ সালের বন্যায় সেতুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
সরেজমিনে দেখা গেছে, উকুনী নদী মাঝিপাড়া গ্রামটিকে দুই ভাগে ভাগ করেছে। এলাকাবাসী ওই স্থানে একটি বাঁশের সাঁকো তৈরি করেছে। নদীর ওপর সাঁকোটি একটু কাত হয়ে আছে। লোকজন ওই সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
ওই গ্রামের কৃষক মনসুর আলী প্রধান বলেন, ‘১২-১৩ বছর থাকি পুলটা ভাঙা। এ সাঁকোর ওপর দিয়ে গেলে পাটগ্রাম উপজেলা শহরের দূরত্ব ছয় কিলোমিটার। মালামাল নিয়ে এর ওপর দিয়ে চলাচল করা যায় না। এ কারণে ১২ কিলোমিটার ঘুরে কৃষিপণ্য নিয়ে উপজেলা শহরের হাটে যেতে হয়। এতে অতিরিক্ত খরচ হচ্ছে।’
পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুর রহমান জানায়, গ্রামের অনেক ছেলেমেয়ে উপজেলা শহরের বিদ্যালয় ও কলেজে লেখাপড়া করে। নদীর ওপর সেতু না থাকায় অনেকে বর্ষাকালে বিদ্যালয় ও কলেজে যেতে চায় না। বাঁশের সাঁকোটি নড়বড়ে হয়ে যাওয়ায় তারা ভয়ে এর ওপর দিয়ে চলাচল করতে চায় না। পাটগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব প্রধান বলেন, ‘আমি ইতিমধ্যেই স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সঙ্গে সেতুটি তৈরি করার বিষয়ে কথা বলেছি। মন্ত্রী এটি করার ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাটগ্রাম কার্যালয়ের প্রকৌশলী হায়দার আলী বলেন, এলজিইডির প্রধান কার্যালয়ের একটি দল বছর খানেক আগে সরেজমিনে সেতুটি করার বিষয়ে জরিপ চালিয়েছে। জরিপ প্রতিবেদন জমা দেওয়ার পর প্রকল্প গ্রহণ করা হবে। এরপর ওই স্থানে সেতু নির্মাণের কাজ শুরু হবে।