একটি সেতুর জন্য আটটি গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপারে আশিদ্রোণ ইউনিয়নের পারের টং গ্রাম, ওপারে সিন্দুরখান ইউনিয়নের বনগাঁ। মাঝখানে বয়ে গেছে পাহাড়ি খরস্রোতা লাংলিয়াছড়া (খাল)। দুই পাশ থেকে দুটি সড়ক এসে মিশেছে খালে। পারাপারে কোনো সেতু নেই।মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুটি ইউনিয়নের আটটি গ্রামের মানুষ ওই সেতুর জন্য দুর্ভোগ পোহাচ্ছে।গ্রামবাসীরা জানান, লাংলিয়াছড়ার ওপর একটি সেতু ও উত্তর সাইটোলা-পাইকপাড়া সংযোগ সড়ক পাকা করার জন্য ১৯৯৫ সালের ২৬ জুলাই এলাকাবাসী ত ৎকালীন থানা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। এরপর ২০০২ সালের ২৮ ডিসেম্বর আটটি গ্রামের দেড় শতাধিক মানুষের স্বাক্ষর নিয়ে ত ৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবারও আবেদন করা হয়। প্রতিবারই গ্রামবাসীকে আশ্বাস দেওয়া হয়েছে।পারের টং গ্রামের আছিদউল্লাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ফুল মিয়া বলেন, পারের টং, পাইকপাড়া, ডেংগারবন, খলিলপুর, উত্তর সাইটোলা, পূর্বজামসী, বনগাঁ ও রসুলপুর গ্রামের বাসিন্দাদের জন্য সাইটোলা-পাইকপাড়া সংযোগ সড়ক এবং ওই সেতু জরুরি।একই গ্রামের বাসিন্দা মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আকরম আলী বলেন, পারের টং, খলিলপুর, উত্তর সাইটোলা, ডেংগারবন গ্রামের শতাধিক শিক্ষার্থী আছিদউল্লাহ উচ্চবিদ্যালয়ে এবং প্রায় অর্ধশতাধিক শিশু জামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এসব শিক্ষার্থীকে খাল পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। বর্ষা মৌসুমে খালে বেশি পানি ও স্রোত থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না। ওই সময় স্রোতের তোড়ে বাঁশের সাঁকোটিও ভেসে যায়।বনগাঁ গ্রামের রজব আলী বলেন, কয়েক মাস আগে সাঁকো থেকে পড়ে পারের টং গ্রামের লাল মিয়ার পা ভেঙে যায়। সেতু না থাকায় গ্রামে চিকি ৎসক আসতে চান না।সিন্দুরখান ইউনিয়নের সদস্য বনগাঁ গ্রামের মো. নাজিম উদ্দিন বলেন, এলাকাবাসীর এ দাবি এক যুগেরও বেশি সময়ের। কিন্তু যে বরাদ্দ পাওয়া যায়, সেটা দিয়ে ৩০-৩৫ ফুট দীর্ঘ হালকা যান চলাচলের উপযোগী সেতু করা সম্ভব নয়।আশিদ্রোণ ইউনিয়নের চেয়ারম্যান জহর বর্ধন বলেন, ‘আমি প্রথমবারের মতো পরিষদে এসেছি। এলাকার অনেক গ্রামীণ সড়ক এবং সেতুর জন্য ইউনিয়নবাসীর দাবি রয়েছে। উল্লিখিত সেতুটিও অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করছি।’উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব বলেন, ওই স্থানে ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় একটি স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ওখানে রিকশাভ্যান-অটোরিকশা চলাচলের উপযোগী একটি সেতু নির্মাণের পরিকল্পনা আছে। চলতি অর্থবছরেই এর দরপত্র আহ্বান করা হবে।