একটি সেতুর জন্য নয়বার দরপত্র আহ্বান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদের ওপর ৫০৪ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হবে। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত নয়বার সেতুটির দরপত্র আহ্বান করা হয়েছে। সর্বশেষ গত মাসে এর দরপত্র আহ্বান করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ সালের ২২ অক্টোবর বিএনপির সাংসদ সোহরাবউদ্দিন ওই সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে কাজ শুরু হয়নি। এভাবে আরও কয়েক দফায় দরপত্র আহ্বান করা হয়। গত বছরের ১২ সেপ্টেম্বর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে কার্যাদেশ পাওয়া ঠিকাদারিপ্রতিষ্ঠান কাজ শুরুর কয়েক মাস পরই বন্ধ করে চলে যায়। এ বছরের ২০ জানুয়ারিতে সেতু নির্মাণে গাফিলতির অভিযোগে ওই ঠিকাদারের কার্যাদেশ বাতিল হয়ে যায়।

এলজিইডি সূত্র জানায়, সম্প্রতি ঢাকা এলজিইডি কার্যালয়ে নবম বারের মতো দরপত্র আহ্বান করা হয়। গত ১৮ নভেম্বর ঠিকাদারিপ্রতিষ্ঠান মীর আকতার অ্যান্ড কোম্পানি সর্বনিম্ন দরদাতা হিসেবে ৭১ কোটি এক লাখ ৫৫ হাজার ৬৩২ টাকায় সেতু নির্মাণের কার্যাদেশ পায়। গত রোববার প্রতিষ্ঠানটি কার্যাদেশ চুক্তি সম্পন্ন করে।
সদর উপজেলার হাটশ হরিপুর ও কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দারা বলেন, প্রায় এক লাখ মানুষ এক যুগ ধরে সেতু নির্মাণের জন্য আন্দোলন করে আসছেন।

হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাক হোসেন বলেন, ঠিকাদারের লোকজন এলাকা পরিদর্শন করে গেছেন। তাঁদের কথায় মনে হয়েছে, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন এবার সেতু হবে।
উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আলী সিদ্দিক প্রথম আলোকে বলেন, গত সপ্তাহে ঠিকাদারিপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। কাজ শেষ হতে দুই থেকে আড়াই বছর লাগবে।