একটি সেতুর জন্য...
মাদারীপুরের কালকিনি, শরীয়তপুরের গোসাইরহাট ও বরিশালের মুলাদী উপজেলাকে বিভক্ত করে রেখেছে একটি খাল। তিন উপজেলা প্রশাসনের অবহেলায় একটি সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সহস্রাধিক মানুষ। তাই একটি সেতু নির্মাণ এখন এলাকাবাসীর দাবিতে পরিণত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ার চর, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের গজারিয়া ও বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর (চাকলা) গ্রামের সীমান্তবর্তী এলাকার মাঝ দিয়ে গজারিয়া নামের খালটি আড়িয়াল খাঁ নদে গিয়ে মিশেছে। খালের পানি দিয়ে প্রায় শতাধিক ব্লকে ইরি-বোরো ধানের চাষ করা হয়। ফলে খাল যেমন দরকার, তেমনি খালের ওপর সেতু না থাকায় তিন উপজেলার যোগাযোগ রয়েছে বিচ্ছিন্ন। সেতুর অভাবে বর্ষাকালে এপার-ওপারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও কৃষিজীবী মানুষ ফসল নিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগের শিকার হন।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, তিন উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় কেউ সেতু নির্মাণের উদ্যোগ নেয় না। নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েতুল করিম বলেন, সরকারের উচিত তিন উপজেলার মানুষ যাতে মিলেমিশে থাকতে পারে তার ব্যবস্থা করা। মুলাদীর বাটামারা ইউপির চেয়ারম্যান মহসিন রেজা জানান, একটি সেতুর অভাবে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কষ্ট করছে। বর্ষার সময় শিক্ষার্থীরা সাঁতরে স্কুল-কলেজে যাতায়াত করে। বাঁশগাড়ী ইউপির চেয়ারম্যান জাকির হোসেন ঢালী জানান, তিন উপজেলার সংযোগস্থল হওয়ায় সেতুটি জরুরি।কালকিনি উপজেলা প্রকৌশলী আনোয়ার হেসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে সেতুটির ব্যাপারে এখনো কেউ কিছু জানায়নি। তবে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।’