একটি সেতুর জন্য...
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের কাঁচামাটিয়া নদীতে একটি সেতুর জন্য সাত গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সেতু না থাকায় কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে সমস্যায় পড়ছেন। এতে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।ভাটিরচর গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, কাঁচামাটিয়া নদীর পশ্চিম পারের সাতটি গ্রামের কৃষক ও সাধারণ মানুষের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। ওই সাঁকো দিয়ে ওই এলাকার মানুষ উপজেলা সদর ঈশ্বরগঞ্জ বাজার, উচাখিলা, চরপাড়া, রাজিবপুর, মধুপুর বাজারে আসা-যাওয়া করে।বিষ্ণুপুর গ্রামের কৃষক আবদুল বারেক বলেন, উপজেলা সদর থেকে ওই এলাকার মানুষ অনেকটা বিচ্ছিন্ন। চিকিৎসার জন্য রোগীদের অন্যত্র নেওয়ার সময় পড়তে হয় নানা বিড়ম্বনায়।উজানচর গ্রামের মো. কুদ্দুস মিয়া (৬২) বলেন, এককালের খরস্রোতা কাঁচামাটিয়া নদীর পশ্চিম পাশে কুলিয়ারচর, মাছুয়াডাঙা, যাদুয়ারচর, বিষ্ণুপুর, ভাটিরচর, উজানচর ও কুটেরচর গ্রামে ১০ হাজারের বেশি মানুষের বসবাস। এসব গ্রামের মানুষকে জীবিকা নির্বাহ ও খাদ্যের চাহিদা মেটাতে নির্ভর করতে হয় কৃষির ওপর। কৃষিই এ এলাকার মানুষের প্রধান পেশা। কিন্তু একটি সেতু না থাকায় তাঁদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।যাদুয়ারচর গ্রামের কৃষক মো. নুরুল আমিন বলেন, আলু, শিম, মরিচ, শসা, কুমড়া, বেগুন, পটোল, গাজর, টমেটো, করলাসহ নানা সবজির চাষাবাদ করেন এই অঞ্চলের কৃষকেরা। প্রচুর সবজি উৎপাদন করেও পরিবহন ও বাজারজাতকরণের জন্য তাঁরা সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কম মূল্যে উৎপাদিত পণ্য বিক্রি করতে হচ্ছে পাইকারদের কাছে। তিনি বলেন, যদি একটি পাকা সেতু তৈরি করা হতো তাহলে কৃষকেরা নিজেরাই তাঁদের উৎপাদিত সবজি বাজারজাত করতে পারতেন।মাছুয়াডাঙা গ্রামের হারিছ মিয়া বলেন, সেতু না থাকায় এসব গ্রামের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নানা ভোগান্তি পোহাতে হয়। চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। বিঘ্নিত হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত।মো. ছফির উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, ‘যাতায়াতের সুব্যবস্থা না থাকায় আমরা দূর-দূরান্তে ভালো কোনো পরিবারে আত্মীয়তা করতে পারি না। বাঁশের সাঁকো পার হয়ে অন্ধকারাচ্ছন্ন এ গাঁয়ে আসতে চায় না কেউ।’উজানচর গ্রামের রিকশাচালক রফিক বলেন, ‘কিছুদিন আগে সাঁকোর পাড়ে রিকশা রেখে ওপার থেকে ফিরে এসে দেখি রিকশাটি নেই।’ গ্রামবাসী জানান, সাইকেল-রিকশা নিয়ে প্রায়ই এ রকম অসুবিধায় পড়তে হচ্ছে পথচারীসহ গ্রামের মানুষকে।রাজিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, সেতুর জন্য আবেদনের পর ২০০৪ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সেটি এখনো বাস্তবায়িত হয়নি। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী বলেন, ওইসব গ্রামের কৃষকের উৎপাদিত সবজি বাজারজাতকরণসহ সাধারণ মানুষের পারাপারের জন্য একটি সেতু অত্যন্ত প্রয়োজন।