একটি সোনার চেইনের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে আবু তৌকিরের (১০) খতনা অনুষ্ঠানে বাবা নাসির উদ্দিন একটি সোনার চেইন উপহার দিয়েছিলেন। সৌদি আরব থেকে দেশে ফেরার সময় ছেলের জন্য চেইনটি নিয়ে এসেছিলেন তিনি। সেই চেইনই কাল হলো ছেলের জন্য। এই চেইনের জন্য দুর্বৃত্তরা হত্যা করে তৌকিরকে। মুন্সিগঞ্জ সদর উপজেলার ফুলতলা গ্রামের গোবরের স্তূপের নিচ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তৌকিরের লাশ উদ্ধার করে পুলিশ। তৌকির হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো—রবিউল প্রধান, আবুল হোসেন, আনা খান, ময়না প্রধান ও হান্নান বেপারি। পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা ১১টা থেকে তৌকিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন তার মা ঝরনা বেগম মুন্সিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে সন্দেহভাজন হিসেবে একই গ্রামের রবিউলের নাম উল্লেখ করা হয়। পুলিশ রবিউলকে আটক করলে তার স্বীকারোক্তি মতে বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে রবিউলের বাড়ির কাছের গোবরের স্তূপের নিচ থেকে তৌকিরের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। রবিউল পুলিশকে জানায়, সোনার চেইনটি নেওয়ার জন্য তারা তৌকিরকে শ্বাসরোধে হত্যা করে। পরে গোবরের স্তূপের মধ্যে চাপা দিয়ে রাখে। নাসির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার দেওয়া চেইনই ছেলের জন্য কাল হলো। মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এহসান উল হক জানান, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিউল চেইন নেওয়ার জন্য তৌকিরকে হত্যার কথা স্বীকার করেছে।