একটি স্কুলের অভাবে এত কষ্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা মডেল বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পিপাতি ত্রিপুরার (১১) বাড়ি দীঘিনালা উপজেলার দুর্গম সীমানাপাড়া গ্রামে। খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক থেকে সীমানাপাড়ার দূরত্ব প্রায় ছয় কিলোমিটার। বিদ্যালয়ে যাওয়ার জন্য সকাল সাতটায় বাড়ি থেকে বের হয়ে হেঁটে মূল সড়কে এসেছে এক ঘণ্টায়। এবার অপেক্ষা গাড়ির জন্য। অনেক সময় গাড়ির জন্য সড়কে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। গাড়ি এলেও না থামায় ওঠা হয় না। বৃষ্টি হলে সড়কের পাশেই দাঁড়িয়ে থাকতে হয়, কোনো সময় বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে না গিয়ে বাড়ি ফিরতে হয়। পিপাতি ত্রিপুরার মতো আশপাশের গ্রাম থেকে এসে সড়কের পাশে পৃথক পৃথকভাবে দাঁড়িয়ে ছিল শতাধিক শিক্ষার্থী। তারা খাগড়াছড়ি ও দীঘিনালার বিভিন্ন উচ্চবিদ্যালয়ে অধ্যয়নরত। খাগড়াছড়ি ও দীঘিনালার মাঝখানে ২২ কিলোমিটারের মধ্যে কোনো উচ্চবিদ্যালয় না থাকায় তাদের এই দুর্ভোগ পোহাতে হয়। কার্বারিপাড়ার বাসিন্দা ও দীঘিনালার হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র মিলন ফিজিয়ন ত্রিপুরা (১৪) শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে বলে, ‘আমরা সকাল সাতটায় বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। হাঁটা ছাড়া কোনো উপায় নেই। মূল সড়কে এসে এরপর গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। প্রতিদিন গাড়িতে জায়গা হয় না, তাই বাধ্য হয়ে আমরা গাড়ির ছাদে ও পাশে দাঁড়িয়ে যাতায়াত করি।’ খাগড়াছড়ি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী মিতালী ত্রিপুরা বলে, ‘আমরা সবাই সকালে গ্রাম থেকে দলবেঁধে একত্রে বের হই। সড়কের পাশে বসারও কোনো স্থান নেই। বৃষ্টি হলে সবাইকে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় বই-খাতা ভিজে যায়, ফলে সেদিন আর বিদ্যালয়ে যাওয়া হয় না। গাড়ির ছাদে ও গাড়ির রেলিংয়ে দাঁড়িয়ে যাওয়া অনেক ঝুঁকি জেনেও আমাদের যাওয়া ছাড়া কোনো উপায় নেই।’মিলন কার্বারিপাড়ার অভিভাবক ধনেশ্বর ত্রিপুরা বলেন, ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে যানবাহনে করে বিদ্যালয়ে যাতায়াত করে। পড়ালেখার স্বার্থে তাদের না পাঠিয়েও উপায় নেই। আট মাইল এলাকার সরল বিকাশ ত্রিপুরা বলেন, অনেক সময় গাড়িতে ছেলেমেয়েদের তুলতে চায় না। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরুময় ত্রিপুরা হতেন বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু উপায় নেই, শত দুর্ভোগ সহ্য করে ওদের বিদ্যালয়ে যেতে হয়। ২২ কিলোমিটার এলাকার মধ্যস্থানে একটি উচ্চবিদ্যালয় হলে দুর্ভোগ কমবে।দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ত্রিপুরা গবেষক রাজীব ত্রিপুরা বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে নয় মাইল এলাকায় একটি উচ্চবিদ্যালয় গড়ে তোলার জন্য চেষ্টা চলছে। এ ব্যাপারে এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা সভা হয়েছে। মিরসরাই ট্র্যাজেডির পর শিক্ষার্থীদের যানবাহনে যাতায়াতে ভয়ের শঙ্কাটা আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের যানবাহনে যাতায়াতে একটু কষ্ট হলেও সতর্ক থাকতে হবে।জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে সরকারের সুদৃষ্টি আছে। কেউ উদ্যোগ নিলে সহযোগিতা করা হবে।