একটি স্কুলের 'বিদায়ঘণ্টা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঞ্চ, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে শিক্ষা উপকরণ, এমনকি পর্যাপ্ত শিক্ষকও আছেন পাবনার আটঘরিয়ার পারখিদিরপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে। নেই শুধু শিক্ষার্থী। দীর্ঘ ১৪ বছর চলার পর বিদ্যালয়টি এখন বন্ধের উপক্রম হয়েছে l ছবি: প্রথম আলো
বেঞ্চ, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে শিক্ষা উপকরণ, এমনকি পর্যাপ্ত শিক্ষকও আছেন পাবনার আটঘরিয়ার পারখিদিরপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে। নেই শুধু শিক্ষার্থী। দীর্ঘ ১৪ বছর চলার পর বিদ্যালয়টি এখন বন্ধের উপক্রম হয়েছে l ছবি: প্রথম আলো

টানা লম্বা ঘরটি আধা পাকা। পাশেরটি ছোট, টিনের। সামনে বাঁশের মাথায় পতপত করে উড়ছে জাতীয় পতাকা। চেয়ার, টেবিল ও আলমারি দিয়ে সাজানো শিক্ষককক্ষ। বেঞ্চেভরা শ্রেণিকক্ষ। ১০ জন শিক্ষক আছেন। আছেন একজন আয়া, আর দুজন পিয়ন।
সবকিছুই আছে স্কুলটিতে। নেই শুধু শিক্ষার্থী। তাই বাজে না ক্লাস শুরুর কিংবা ছুটির ঘণ্টা। তার বদলে স্কুলটির ‘বিদায়ঘণ্টা’ই বুঝি বেজে উঠেছে। শিক্ষক, অভিভাবক ও এলাকার লোকজন অন্তত তা-ই মনে করছেন।
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টির নাম পারখিদিরপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানান, পারখিদিরপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি কলেজ রয়েছে।
২০০০ সালে এলাকাবাসী মেয়েদের শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে গ্রামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। প্রথম বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি হয় প্রায় ১০০ জন। শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমোদনও মেলে। কিন্তু দীর্ঘদিনেও স্কুলটি এমপিওভুক্ত হয়নি। ফলে বেতন-ভাতা না পাওয়ায় ২০১১ সাল থেকে স্কুলে অনিয়মিত হতে শুরু করেন শিক্ষকেরা। বর্তমানে পাঠদান প্রায় বন্ধ। এবার স্কুল থেকে ১৮ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিচ্ছে। তাই বাধ্য হয়ে তারা অন্য স্কুলে ক্লাস করছে। সেখান থেকেই দেবে পরীক্ষা। স্কুলটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো। ভবিষ্যতে দশম শ্রেণি পর্যন্ত পড়ার ব্যবস্থা করার চিন্তা ছিল কর্তৃপক্ষের। কিন্তু তার আগেই শিক্ষাপ্রতিষ্ঠানটির বিদায়ঘণ্টা বেজে গেল।
জমিদাতা সোহরাব আলী বলেন, ‘স্কুলটি প্রতিষ্ঠার জন্য আমি ৩৩ শতাংশ এবং আমার ছেলে ১৬ শতাংশ জমি দিয়েছে। এখন স্কুল চলছে না। তাই আমরা জমি ফেরত চাই।’
স্কুলের সহকারী শিক্ষক রাবেয়া খাতুন বলেন, ‘স্কুল প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিজন শিক্ষক ৭৫হাজার থেকে এক লাখ টাকা দিয়েছি। ১৪ বছর ধরে বিনা পয়সায় শ্রম দিয়ে আসছি। এখন মানবেতর জীবন যাপন করছি। স্কুলটি বন্ধ হয়ে গেলে আমাদের পথে বসতে হবে।’
স্থানীয় পারখিদিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইউসুফ আলী বলেন, যত দিন চলেছে স্কুলটি ভালোই চলেছে। খুব ভালো পড়ালেখা হতো এখানে। ঘটা করে বহু অনুষ্ঠানও হয়েছে। এখন স্কুলটির এ অবস্থায় এলাকার লোকজন কষ্ট পাচ্ছেন।
স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘স্কুল এমপিওভুক্ত না হওয়ায় খুব বিপদে আছি। স্কুলটি বন্ধ করতে পারছি না, বাঁচাতেও পারছি না।’
পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘এলাকাবাসী আমাদের লিখিতভাবে জানালে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব।’