একটি স্বপ্নের মৃত্যু, পরিবারের কান্না
সগিরের (২০) স্বপ্ন ছিল বিএ পাস করে ভালো চাকরি করবেন। সংসারের অভাব দূর করে মা-বাবার মুখে হাসি ফোটাবেন। তাই অভাবের সংসারে অনেক কষ্টে এইচএসসি পাস করে কাজের সন্ধানে ছুটে গিয়েছিলেন ঢাকায়। সাভারের রানা প্লাজায় অবস্থিত নিউ স্টাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় মান নিয়ন্ত্রণকারীর সহকারী পদে চাকরি পেয়েছিলেন। কাজের পাশাপাশি ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজে স্নাতকে ভর্তি হয়ে লেখাপড়াও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বুধবার সাভারের রানা প্লাজা বিধ্বস্ত হয়ে মারা যান তিনি। সঙ্গে সেই স্বপ্নেরও মৃত্যু হয়।পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঘটেকের আন্দুয়া গ্রামের সেকান্দার আলী ও খাদিজা বেগমের সাত ছেলেমেয়ের মধ্যে সগির চতুর্থ। অর্থসংকটের কারণে এইচএসসি পাসের পর লেখাপড়া বন্ধ হতে চলেছিল তাঁর। এ অবস্থায় তিনি ঢাকায় গিয়ে অন্তত ডিগ্রি পাস এবং ভালো একটা চাকরি করে সংসারের কিছুটা দায়িত্ব নিতে চেয়েছিলেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মরদেহ সাভার থেকে তাঁদের বাড়ি উত্তর ঘটেকের আন্দুয়া গ্রামে এসে পৌঁছায়। ওই বাড়িতে ঢুকতেই শোনা গেল কান্নার রোল। কয়েক শ মানুষের ভিড়। কারও সান্ত্বনা তাঁর বাবা-মাসহ স্বজনদের কান্না থামাতে পারছে না। তাঁদের বিলাপে সগিরের স্বপ্নের কথাগুলোই উচ্চারিত হচ্ছে।সগিরের মরদেহ দেখে অঝোরে কাঁদছিলেন তাঁর বাবা-মা। বাবা সেকান্দার আলী বলেন, ‘সগির নিজে চেষ্টা করে লেখাপড়া করেছে। সে আমাদের সান্ত্বনা দিত—লেখাপড়া করে ভালো চাকরি নিয়ে আমাদের মুখে হাসি ফোটাবে। কিন্তু হাসির বদলে ও আমাদের দিয়ে গেল শুধু কান্না।’