একটি স্বপ্নের মৃত্যু
শত বাধা ডিঙিয়ে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন আবদুস সালাম। এমন সংবাদে মা বুকে জড়িয়ে ধরেন ছেলেকে। দুজনের চোখ বেয়ে পড়ে আনন্দাশ্রু। মায়ের বুকে মাথা রেখে সালাম বলে, চিকিৎসক হয়ে পরিবারের সব অভাব দূর করবে সে। কিন্তু মাকে দেখানো সেই স্বপ্ন পূরণ করতে পারল না সালাম। গতকাল রোববার নরসিংদীর বাসাইল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে সে। সঙ্গে মৃত্যু হয়েছে একটি স্বপ্নের। নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামের তাঁতশ্রমিক তাইজ উদ্দিন মিয়ার ছেলে সালাম। শহরের কাদির মোল্লা সিটি কলেজে ভর্তি হতে চেয়েছিল সে। ভর্তির কাজেই গতকাল শহরে যাচ্ছিল সালাম। দুপুরে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়।প্রতিবেশী ও স্বজনেরা জানান, তাইজ উদ্দিনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সালাম সবার বড়। কষ্টের সংসারে অভাবকে জয় করে স্থানীয় কাঠালিয়া উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে সে। গতকাল বিকেলে সালামের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মৃতদেহের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন মা সালমা বেগম ও বাবা তাইজ উদ্দিন। একপর্যায়ে তাইজ উদ্দিন বলেন, ‘আমার ছেলে পেটে পাথর বেঁধে পড়ালেখা করে গেছে। ভালো ফল করে চিকিৎসক হওয়ার কথা বলত। তাঁর সেই স্বপ্ন পূরণ হলো না।’কাঠালিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, বিদ্যালয়ের একমাত্র ছাত্র হিসেবে জিপিএ-৫ পেয়েছিল সালাম। সে নেই, ভাবতেই কষ্ট হচ্ছে। কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা জানান, আবদুস সালাম কলেজের ভর্তি ফরম পূরণ করে জমা দিয়েছিল।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) চম্পক চক্রবর্তী জানান, ট্রেনের ধাক্কায় সালামের মাথা থেঁতলে যায়। সালামের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।