একটি স্বপ্নের মৃত্যু
মা-বাবা শ্রমজীবী। বড় ভাই প্রতিবন্ধী। ছোট ভাই পড়ে দশম শ্রেণীতে। নিজে খুলনা বিএল কলেজে পড়ার পাশাপাশি গৃহশিক্ষতা করতেন। সংসারের খরচ চালাতে খণ্ডকালীন একটি চাকরিও নিয়েছিলেন। কিন্তু সেই চাকরিই তাঁর কাল হলো। গত মঙ্গলবার ব্যাংক থেকে টাকা তুলে কর্মস্থলে ফেরার পথে ছিনতাইকারীদের গুলিতে প্রাণ দিতে হলো জাহিদুল ইসলামকে (২২)। যশোরের অভয়নগর উপজেলার নওয়া-পাড়া গ্রামে তাঁর বাড়ি। তিনি বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।ছোট ভাই তরিকুল ইসলাম বলে, ‘মেজ ভাই স্বপ্ন দেখতেন লেখাপড়া শেষে চাকরি করবেন। তাঁর সেই স্বপ্ন পূরণ করতে দিল না সন্ত্রাসীরা। আমাদের পরিবার একেবারে শেষ হয়ে গেল।’গতকাল বৃহস্পতিবার সকালে জাহিদদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে ঠায় দাঁড়িয়ে আছেন বড় ভাই সেলিম বিশ্বাস। তাঁর দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। ঘরের দাওয়ায় বসে বিলাপ করছিলেন জাহিদের মা রাবেয়া বেগম (৫৫)। তিনি বলছিলেন, ‘আমার মণির মতো মণি আর হবে না। তোমরা আমার মণিকে ফেরায়ে দাও।’ বাবা আবদুল গফ্ফার বিশ্বাস (৫৮) কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলে তো আর ফিরে পাব না। দুষ্কৃতকারীদের এমন শাস্তি হোক, যাতে আমার মতো আর কোনো বাবার বুক এভাবে খালি না হয়।’প্রতিবেশীরা জানান, জাহিদ ২০০৬ সালে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪ এবং নওয়াপাড়া মডেল কলেজ থেকে জিপিএ-৪ দশমিক ৩০ পেয়ে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। ২০০৮ সালে তিনি বিএল কলেজে ভর্তি হন। পড়াশোনা ও গৃহশিক্ষতার পাশাপাশি নওয়া-পাড়ার সার ও সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শোভন ট্রেডার্সে খণ্ডকালীন চাকরি করতেন তিনি। মঙ্গলবার ইসলামী ব্যাংক থেকে শোভন ট্রেডার্সের পাঁচ লাখ টাকা তোলেন জাহিদ। টাকাভর্তি থলে হাতে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে হেঁটে স্টেশন বাজারের অফিসে ফিরছিলেন। পথে ছিনতাইকারীদের গুলিতে মারা যান তিনি।মেসার্স শোভন ট্রেডার্সের মালিক আবদুল্লাহেল বাকী বলেন, ‘জাহিদ একবেলা আমার এখানে কাজ করত। আরেক বেলা লেখাপড়া করত।’ তিনি আরও বলেন, ‘শুধু টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে জাহিদকে হত্যা করা হয়েছে। টাকা খোয়া গিয়েও যদি সে বেঁচে থাকত তাহলেও শান্তি পেতাম।’এ ব্যাপারে গত বুধবার প্রথম আলোতে ‘বিএল কলেজের ছাত্র ছিনতাইকারীদের গুলিতে নিহত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই দিন নিহতের বাবা বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করেন।