একটি স্মৃতিস্তম্ভ চান তাঁরা
আজ পয়লা ডিসেম্বর। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মানুষের জন্য শোকের দিন। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের নিয়ে গ্রামটিতে লুটপাট, ধর্ষণ ও হত্যাযজ্ঞ চালায়। সেদিন দুটি স্থানে কবর দেওয়া হয় প্রায় ১৫০ জন সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাকে। আজও দিনটির কথা মনে হলে কান্নায় ভেঙে পড়েন অনেকে। তাঁরা শহীদদের স্মরণে বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুুল হামিদ জানান, গ্রামটি পাবনা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে। ১৯৭১ সালে এই গ্রামের সঙ্গে শহরের যোগাযোগব্যবস্থা ভালো ছিল না। কেউ ইচ্ছা করলেই সহজে আসতে পারত না এই গ্রামে। ফলে গ্রামটি হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল। এখানেই সংগঠিত হতেন তাঁরা। রাজাকারেরা হানাদার বাহিনীকে বিষয়টি জানিয়ে দেয়। ১ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী হামলা চালায় গ্রামটিতে। তারা প্রতিটি বাড়িতে ঢুকে একের পর এক নিরীহ মানুষকে হত্যা করতে থাকে। সেই সঙ্গে লুটতরাজ ও ধর্ষণ চালায়। মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন বলেন, সেদিনের কথা মনে হলে আজও ভয়ে বুক কেঁপে ওঠে। সেদিন তারা হত্যা, ধর্ষণ ও লুটতরাজ করেই থেমে ছিল না, পুড়িয়ে দিয়েছিল গ্রামের প্রায় ৩০০ বসতবাড়ি। সাতজন মুক্তিযোদ্ধাকে তারা এক ঘরে বন্দী করে আগুন ধরিয়ে দিয়েছিল। এলাকাবাসী জানান, তাঁদের আর কিছুই চাওয়ার নেই। তাঁরা শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চান। তাই এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তাঁরা।