একটি ‘মৃত্যু’, অতঃপর...
নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের রায়হান আলী (২০) সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার ভোর চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সকালে জানাজা শেষে দাফনের জন্য তাঁর মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় তাঁর শরীর থেকে রক্ত বের হতে দেখা যায়। পরে রায়হানের মায়ের অনুরোধে ‘লাশ’ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।জানা যায়, রায়হান দীর্ঘদিন ধরে সাপ ধরার কাজ করতেন। রায়হানের মা আম্বিয়া খাতুনের দাবি, তাঁর ছেলে মারা যায়নি।এলাকাবাসী জানান, সকাল নয়টার দিকে জানাজা শেষে রায়হানকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় রায়হানের মা বলেন, রায়হান বলেছিল সে অচেতন হলে তিন দিন পর্যন্ত তাকে দাফন না করতে। এই তিন দিনের মধ্যে তার কোনো ওস্তাদ এসে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তুলবে। রায়হানের মায়ের অনুরোধে তাকে দাফন না করে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।রায়হানকে বাড়িতে আনার পর শুরু হয় কবিরাজি ‘চিকিৎসা’। মঙ্গলবার বিকেল পর্যন্ত সেখানে পুলিশ প্রহরায় চিকিৎসা চলছিল। তবে সকাল থেকে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রায়হানের বড় ভাই সোহেল রানা জানান, তাঁর ভাই শখের বশে সাপ ধরত। তাঁদের ঘরে এখনো ৬০ থেকে ৭০টি সাপ রয়েছে। এসব সাপের সঙ্গেই রায়হান বসবাস করত। রোববার রাতে রায়হান অচেতন হয়ে পড়েন। রাতেই তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। ভোর চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বিকেলে নাটোর সদরের দক্ষিণপুর গ্রামের ধনু কবিরাজ রায়হানকে ঝাড়-ফুঁক শুরু করেন। এ ঘটনা দেখতে হাজারো মানুষ সেখানে ভিড় জমায়। ভিড় সামাল দিতে সদর থানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে আনসার মোতায়েন করে।ঘটনাস্থলে উপস্থিত রাজশাহী মেডিকেল কলেজের শেষবর্ষের ছাত্র শাহরিয়ার কবির সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি রায়হানকে পরীক্ষা করেছেন। তাঁর শ্বাসপ্রশ্বাস ও স্নায়ু কিছুটা সচল আছে। শরীরের একটা ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এসব লক্ষণ তাঁর বেঁচে থাকার কিছুটা প্রমাণ বহন করে। তবে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল গনি বলেন, হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান পরীক্ষা-নিরীক্ষা করেই তাঁকে মৃত ঘোষণা করেছেন। এ অবস্থায় তাঁর বেঁচে থাকার প্রশ্নই ওঠে না।