আড়াই শ শয্যার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্স গত ১১ মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ কারণে জরুরি রোগীদের আনা-নেওয়া করতে চরম অসুবিধার সৃষ্টি হয়েছে। ট্রমা সেন্টারের পুরোনো একটি অ্যাম্বুলেন্স ধার নিয়ে চালু রাখা হলেও সেটির অবস্থাও নাজুক। ফলে রোগীদের আনা-নেওয়ার জন্য বাইরে থেকে বেশি ভাড়ায় নিতে হচ্ছে অ্যাম্বুলেন্স।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিস সূত্রে জানা গেছে, হাসপাতালের অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে গত বছরের জুন মাসে সড়ক দুর্ঘটনার মুখে পড়ে। এটির সামনের অংশসহ ইঞ্জিন ও পুরো অ্যাম্বুলেন্সটিই দুমড়ে-মুচড়ে যায়। এরপর থেকে এটি অকেজো হয়ে পড়ে রয়েছে। এটি মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো প্রকার বরাদ্দ পাওয়া যায়নি।
দত্তপাড়ার আইয়ুব আলী, জানপুর মহল্লার সালামত হোসেন জানান, জরুরিভাবে রোগী ঢাকায় নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেও হাসপাতালের অ্যাম্বুলেন্সটি পাননি তাঁরা। তাই বাধ্য হয়ে বাইরে থেকে বেশি টাকায় ভাড়া করে রোগী নিতে হয়েছে। প্রতিদিন এই হাসপাতাল থেকে চার থেকে পাঁচজন রোগীকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়ে থাকে।
নষ্ট হয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের চালক মুকুল হোসেন বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ট্রমা সেন্টারের অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হলেও এটির অবস্থাও খুব একটা ভালো নয়।
সিরাজগঞ্জ জেনারেলর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক বলেন, ‘হাসপাতালের নিজস্ব একমাত্র অ্যাম্বুলেন্স বিকল থাকায় খুবই সমস্যা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি সবে এই হাসপাতালে যোগদান করেছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’