একটিই ফেরি, তাতেও পানি ওঠে, সেচতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের অন্যতম বড় ফেরিঘাট কালনায় একটিমাত্র ফেরি চলাচল করে। টাইপ-২ ক্যাটাগরির দুটি ফেরি চলাচলের কথা থাকলেও বেশির ভাগ সময় একটি অচল থাকে। প্রতিবার নদী পার হওয়ার পর পানি পাম্প মেশিন দিয়ে সেচে চালাতে হয় ফেরিটি। প্রতিদিন এই ঘাটে প্রায় ৪০০ যানবাহন পারাপার হয়।

আজ শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ০১৬ নামের ফেরিটির পাশ দিয়ে ছিদ্র হওয়ায় ক্রমাগত পানি উঠছে। একবার নদী পার হলে ফেরির মধ্যে তিন থেকে চার ফুট পানি জমে যাচ্ছে। এ কারণে  প্রতিবার নদী পার হওয়ার পর ফেরি চলাচল বন্ধ রেখে কর্তৃপক্ষ পাম্প মেশিন নিয়ে পানি ছেঁকে নদীতে ফেলছে। ফলে নদীর দুই ধারে যানবাহনগুলো পারাপারের অপেক্ষায় থাকে।

দুটি ফেরি চলাচলের কথা থাকলেও আরেকটি ফেরি নদীর কালনা প্রান্তে অচল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

কালনা ফেরি ঘাটের ইজারাদার এ কে এম মঞ্জুর হাসান বলেন, বারবার সেচ করে ফেরি সচল রাখতে তাদের বেগ পেতে হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি সড়ক বিভাগকে বারবার বললেও তারা কানে তুলছে না। তিনি বলেন, ঈদের কারণে নয়, বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের দূরত্ব কম হওয়ায় এই ঘাটে দিন দিন যানবাহনের চাপ বাড়ছে। সেখানে টাইপ-১ একটি (মাঝারি) ফেরি দেওয়া জরুরি বলে জানান তিনি। 

ফেরি পার হতে গিয়ে প্রাইভেটকারের চালক (ঢাকা-মেট্রো-চ) মাহবুব ঢালী বলেন, এভাবে জানমালের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছি বাধ্য হয়ে। ফেরির অবস্থা দেখে তাতে উঠতে সাহস পাননি মো. আবদুল্লাহ, ফারজানা শারমিন, সেলিম জাহিদ। তাঁরা মাইক্রোবাসে (ঢাকা-চ ৫১-৩৩২৮) করে ঢাকা থেকে নড়াইল এসেছেন। পরে নৌকায় নদী পার হন। তাঁরা বলেন, ঈদ করতে এসে ঝুঁকি এড়াতে আমরা নৌকায় করে নদী পার হচ্ছি। নদীতে যে স্রোত, যেকোনো সময় পানির তোড়ে ছিদ্র বড় হয়ে ফেরি ডুবে গেলে কী হবে।

গোপালগঞ্জ সড়ক বিভাগের ভাটিয়াপাড়া বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাকির আলম বলেন, অতিরিক্ত ফেরি না থাকায় ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করছে। একটি ভালো মানের টাইপ ১ ফেরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে তিনি জানান। মাদারীপুরের কাজীরটেক ঘাট থেকে টাইপ ১ একটি ফেরি পাঠানোর কথা। কিন্তু ওই ঘাটের একটি ফেরি ডকে থাকার কারণে তা পাঠাতে দেরি হচ্ছে বলে তিনি জানান।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন, গোপালগঞ্জ সড়ক বিভাগের ভাটিয়াপাড়া বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাকির আলম।

জানা গেছে, বেনাপোল বন্দর, যশোর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার বিশেষ করে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের প্রায় ৪০০ যানবাহন পারাপার হয়। এ ছাড়া ফেরিতে জনসাধারণও পার হয়।