একটিতে নেভানোর আগেই আরেকটিতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবদুল্লাহপুরে একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুন নেভাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর তখনই কয়েক গজ দূরে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার জাকির হোসেন ‘প্রথম আলো’কে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে আবদুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। ওই সময় কয়েক গজ দূরে আরেকটি বাস এসে থামলে আশেপাশে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা সেটিতেও আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই বাসাটির আগুনও নিভিয়ে ফেলেন। আগুনে দুটি বাসের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে যাত্রীরা তাড়াতাড়ি নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।

এদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পাশে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।  সেখানেও কেউ হতাহত হননি।