একটিতে ভোগান্তি, অন্যটিতে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের বিভিন্ন জায়গার খানাখন্দ ইটবালুর জোড়াতালি​ দিয়ে কোনোমতে সংস্কার করা হয়েছে। ছবিটি জিদ্দা বাজার এলাকা থেকে গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের বিভিন্ন জায়গার খানাখন্দ ইটবালুর জোড়াতালি​ দিয়ে কোনোমতে সংস্কার করা হয়েছে। ছবিটি জিদ্দা বাজার এলাকা থেকে গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো

সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। গাড়ি চলছে হেলেদুলে। এতে ভোগান্তির অন্ত নেই গাড়ির চালক ও যাত্রীদের। এই চিত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের। তবে ভিন্ন চিত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। কিছু ব্যতিক্রম ছাড়া মোটামুটি স্বস্তিতে এই মহাসড়ক পাড়ি দিচ্ছে যাত্রীরা।
সরেজমিনে চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে সিটি গেট পর্যন্ত অংশের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৬০ কিলোমিটারের মধ্যে বেশির ভাগ অংশে ছোট-বড় অসংখ্য গর্ত।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, টানা বৃষ্টিতে মহাসড়কের দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের চকরিয়া অংশ ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টির মধ্যে কয়েক দিন পরপর ইটের খোয়া ও বালু দিয়ে গর্ত ভরাট করা হয়। কিন্তু বৃষ্টি হলেই আবার গতের্র সৃষ্টি হচ্ছে। বৃষ্টি সময় সেসব গর্তে পানি জমে যায়, আবার রোদে মহাসড়ক শুকিয়ে গেলে পুরো এলাকা ধূলিধূসরিত হয়ে পড়ে।
সওজ সূত্র জানায়, এই মহাসড়কে লবণবোঝাই গাড়ি চলাচল করে। লবণবাহী গাড়ি থেকে লবণাক্ত পানি পড়ায় রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায়।
সরেজমিনে পটিয়া পৌর সদরের কাগজিপাড়া থেকে শাহচান্দ আউলিয়া মাজার গেট পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশে বড় বড় গর্ত দেখা গেছে। পটিয়ার আমজুরহাট, বাদামতল, শান্তিরহাট, কলেজ বাজার ও মইজ্যারটেক; চন্দনাইশের হাসিমপুর, কসাইপাড়া, বাগিচাহাট, কলেজ গেট, রৌশনহাট, দোহাজারীসহ ২৬টি স্থানে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্ত দেখা যায়। এসব এলাকায় গাড়ি চলছে ধীরগতিতে ও হেলেদুলে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। দোহাজারী বাজার এলাকায় মহাসড়কের প্রায় ৪০০ মিটার অংশে ইট বিছানো দেখা গেছে।
সওজ সূত্র জানায়, বৃষ্টি বন্ধ থাকায় মহাসড়কের পটিয়া ও চন্দনাইশ অংশের অনেক খানাখন্দ সাময়িক সংস্কার করে গাড়ি চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।
দোহাজারী সেতুর দক্ষিণ দিক থেকে হাইওয়ে থানা, মৌলভীর দোকান, জাফর আহমদ চৌধুরী কলেজ গেট, নয়াখালের মুখ, আন্ধারমার দরগা, ওবাইদিয়া সড়কের মুখ, কেরানীহাট, রাস্তার মাথা, ড্রিম হাউস কমিউনিটি সেন্টার, মালেক মেম্বারের ব্রিকফিল্ড, হাসমতের দোকানসহ ১৮-২০টি স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত দেখা যায়।
সাতকানিয়ায় কথা হয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সঙ্গে। তিনি বলেন, তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন। সড়কের যে অবস্থা, তাতে গাড়ি হেলেদুলে চলে। এতে তাঁরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন না।
গাড়িচালক মোহাম্মদ মিয়া প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেশির ভাগ অংশে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকলে সড়কের আসল অবস্থা বোঝা যায় না। তিনি বলেন, এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। এসব কারণে গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। গর্তের মধ্যে চাকা পড়লে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।
দোহাজারী সওজের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দীন চৌধুরী বলেন, ‘ইটের খোয়া ও বালু দিয়ে প্রতিনিয়ত গর্ত ভরাট করা হয়। কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণে আবার গর্তের সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুম শেষ হওয়ার আগে স্থায়ীভাবে সড়ক সংস্কার করা যাচ্ছে না।’
মহাসড়কের চকরিয়া অংশের বরইতলী সড়কের মাথা এলাকায় অন্তত ২০০ মিটার এলাকায় ছোট-বড় গর্ত দেখা যায়। জিদ্দাবাজার এলাকায় সৃষ্ট বড় বড় গর্ত ইটের খোয়া ও বালু দিয়ে ভরাট করা হয়েছে। এ ছাড়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল, খুটাখালী, ডুলাহাজারা, মালুমঘাট, নতুন অফিস, বানিয়ারছড়া, হারবাং, গয়ালমারা, আজিজনগর এলাকায়ও ছোট-বড় অসংখ্য গর্ত দেখা গেছে।
সওজের চকরিয়ার উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ শহিদুল আলম বলেন, সড়ক বিভাগের পক্ষ থেকে প্রতিদিন মহাসড়ক তদারক করা হচ্ছে। ভোগান্তি এড়াতে বড় গর্তগুলো ভরাট করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সমস্যার স্থায়ী সমাধানের জন্য মন্ত্রণালয় থেকে টাকা চাওয়া হয়েছে। টাকা পাওয়া গেলে সংস্কারকাজ আবার শুরু হবে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সম্প্রসারিত চার লেনের পুরোনো অংশে কুমিরা ও বার আউলিয়া এলাকায় অন্তত দেড় কিলোমিটার অংশে উন্নয়নকাজ তিন সপ্তাহ ধরে বন্ধ। কুমিরা বাইপাস অংশে ঢাকামুখী লেনে এক কিলোমিটার ও বার আউলিয়া বাইপাসের পুরোনো অংশে কয়েক শ মিটার সড়কের উপরিভাগ তুলে ফেলা হয়েছে। এ ছাড়া নগরের সিটি গেট থেকে মিরসরাইয়ের ধুমঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে গতিপথ পরিবর্তনের (অ্যালাইনমেন্ট শিফটিং) কাজও বাকি।
সিটি গেটের পর সীতাকুণ্ডের কালু শাহ মাজার এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনের ৭০০ মিটার অংশের কাজ শুরু হয়নি। ওই অংশে সেতুর নির্মাণকাজ চলছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, কুমিরা বাইপাস ও বার আউলিয়া বাইপাস অংশে চার লেনের এক দিকের সড়ক বন্ধ থাকায় অন্য লেন দিয়ে সব গাড়ি চলাচল করছে। ওই লেনে কোনো গাড়ি বিকল হলে যানজট দেখা দেয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম চার লেন উন্নীতকরণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক ও সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুণ আলো চাকমা বলেন, ‘চট্টগ্রাম অংশের ৬৬ কিলোমিটারের মধ্যে ৬৩ কিলোমিটার মহাসড়কের কাজ শেষ হয়েছে। তবে কালু শাহ মাজারসহ কিছু এলাকায় আড়াই কিলোমিটারের মতো কাজ বাকি। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি।’
অরুণ আলো চাকমা বলেন, ‘কুমিরা বাইপাস সড়কের উপরিভাগ খুঁড়ে নতুন করে সংস্কারের কাজ চলছে। ঈদের আগে আমরা তা শেষ করে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারব।’
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড, পটিয়া ও সাতকানিয়া এবং কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি}