চিকিৎসা কর্মকর্তা ছাড়াই চলছে পাবনার বেড়া উপজেলার তিনটি উপস্বাস্থ্যকেন্দ্র। এ ছাড়া অন্য পদগুলোতে কর্মকর্তা-কর্মচারী থাকলেও প্রায়ই তাঁদের মধ্য থেকে এক বা একাধিক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে হয়। এর ফলে সব মিলিয়ে উপস্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বেড়ায় উপস্বাস্থ্যকেন্দ্র মোট তিনটি। সেগুলো হলো হাটুরিয়া, নতুন ভারেঙ্গা ও রাজনারায়ণপুর উপস্বাস্থ্যকেন্দ্র। প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার প্রধান ভরসা হলো এসব উপস্বাস্থ্যকেন্দ্র। প্রতিটি উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা (এমও), উপসহকারী চিকিৎসা কর্মকর্তা (সাকমো), ফার্মাসিস্ট, মিডওয়াইফ (ধাত্রী), এফডব্লিউভি, অফিস সহায়ক ও আয়ার একটি করে পদ রয়েছে।
এগুলোতে রোগীদের চিকিৎসা দেওয়ার মূল দায়িত্ব চিকিৎসা কর্মকর্তাদের। কিন্তু দীর্ঘদিন ধরে এগুলোতে চিকিৎসা কর্মকর্তা নেই। মাঝেমধ্যে দু-একটিতে চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও তাঁদের সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে এনে দায়িত্ব দেওয়া হয়। তাই সেগুলোতে চিকিৎসা দেওয়ার দায়িত্ব পালন করে থাকেন উপসহকারী চিকিৎসা কর্মকর্তারা। কখনো কখনো তাঁদের মধ্য থেকেও কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব দেওয়া হলে সেখানে (উপস্বাস্থ্যকেন্দ্রে) চিকিৎসা দেওয়ার কেউ থাকে না।
২১ জানুয়ারি হাটুরিয়া উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে চিকিৎসা কর্মকর্তা ও মিডওয়াইফের পদ ফাঁকা। দায়িত্ব পালন করছেন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা সিরাজুল ইসলাম ও ফার্মাসিস্ট হাবিবুর রহমান। অফিস সহায়ক পদে একজন থাকলেও তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে কাজ করানো হচ্ছে।
সিরাজুল ইসলাম জানান, প্রতিদিন সেখানে চিকিৎসা নিতে শতাধিক রোগী আসে। এত রোগীর চাপ তাঁকে একা সামলাতে হয়। এর মধ্যে
আবার প্রতি বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দায়িত্ব পালন করতে হয়। তখন উপস্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসক বলতে কেউ থাকেন না।
উপস্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট হাবিবুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার উপসহকারী মেডিকেল অফিসার না থাকলে বাধ্য হয়ে আমাকেই রোগীদের চিকিৎসা ও ওষুধ দিতে হয়। ওই দিন একা একা রোগীদের চাপ সামলাতে দম বন্ধ হওয়ার উপক্রম হয়।’
উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা হাটুরিয়া গ্রামের চাঁদ আলী মণ্ডল (৯০) বলেন, ‘এই জায়গায় বড় ডাক্তার (চিকিৎসা কর্মকর্তা) থাকার কথা। কিন্তু তাঁরে কখনোই দেখলাম না। বাধ্য হয়া ছোট ডাক্তারের (উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা) কাছে আমরা চিকিৎসা নেই।’
নতুন ভারেঙ্গা উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে দায়িত্ব পালন করছিলেন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মাহমুদা আফরোজ ও অফিস সহায়ক জহুরুল ইসলাম। এমনিতেই সেখানে চিকিৎসা কর্মকর্তার পদটি ফাঁকা। এর ওপর সেখানে নিয়োগ দেওয়া ফার্মাসিস্টকে দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে দায়িত্ব পালন করানো হচ্ছে।
উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মাহফুজা আফরোজ বলেন, ‘প্রতিদিন এখানে ১০০-এর মতো রোগী আসে। রোগী দেখা থেকে শুরু করে ওষুধ বিতরণ একা করতে হয় বলে চরম হিমশিম খেতে হয়।’
বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, ‘উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা কর্মকর্তা না থাকায় সেখানে চিকিৎসা প্রদান ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে সেখানে সপ্তাহের দু-একদিন চিকিৎসা কর্মকর্তা পাঠাব, সে উপায়ও নেই। কারণ বেড়ার মতো এমন ব্যস্ত একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালাতে হচ্ছে মাত্র তিনজন চিকিৎসক দিয়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’