একটিমাত্র স্প্যান দরকার
সুন্দরবন তথা খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার কয়েক লাখ মানুষ দীর্ঘদিন ধরে নির্মাণাধীন শিবসা সেতুর জন্য অপেক্ষা করছেন। আর মাত্র একটি স্প্যান হলেই সেতুটি চলাচলের উপযোগী হয়ে উঠবে। সেতুটি চালু হলে খুলনাসহ সারা দেশের সঙ্গে এ অঞ্চলের মানুষের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।জানা গেছে, প্রথমবার ১৯৯৫ সালের ২৪ আগস্ট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী অলি আহমেদ। তখন কোনো কাজ হয়নি। ২০০৩ সালের ২৪ মার্চ আবার নির্মাণকাজের সূচনা করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সাংসদ রুহুল কুদ্দুস। কিন্তু তখনো সেতুর কোনো কাজ হয়নি। এবার ২০০৯ সালের ২৩ আগস্ট খুলনা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর থেকে ৩৪৬ দশমিক ৭৬ মিটার দীর্ঘ শিবসা সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় মেসার্স লিয়াকত ব্রাদার্স। নয় কোটি ১৬ লাখ ৯৫ হাজার ১৭৫ টাকা ব্যয়ে সেতুর কাজ ১৮ মাসের মধ্যে শেষ করার কথা। ওই বছরের ২৬ সেপ্টেম্বর সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন বর্তমান সাংসদ সোহরাব আলী। কিন্তু নির্দিষ্ট সময়েও সেতুর কাজ শেষ হয়নি। সেতু না থাকায় এ অঞ্চলের কয়েক লাখ মানুষকে প্রতিদিন ফেরির ওপর ভরসা করে চলাচলা করতে হয়। এ প্রসঙ্গে কয়রার একটি স্কুলের শিক্ষক আবদুল খালেক বলেন, ‘কয়রা ও পাইকগাছা উপজেলার একটি অংশের সঙ্গে খুলনাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ নেই। এই সেতু হলে শুধু কয়রা ও পাইকগাছার তিন লাখ মানুষই নয়, সাতক্ষীরার শ্যামনগর এবং আশাশুনি উপজেলার কয়েক লাখ মানুষ সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে। তা ছাড়া সুন্দরবন ঘুরতে আসা পর্যটকদের জন্যও সেতুটি বেশ জরুরি বলে মন্তব্য করেন তিনি।’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দীলিপ ঘোষ (৬৫) বলেন, ‘ফেরিঘাটে টোল আদায়কারী ও শ্রমিকেরা আমাদের জিম্মি করে যা-ই চায়, তাই দিতে বাধ্য হচ্ছি। কোনো নিয়ম মানা হয় না এখানে।’ স্কুলশিক্ষক আসাফুর রহমান (৩৮) বলেন, ‘অনেক সময় বসে থাকতে হয়, কখন ফেরি ছাড়ে।’ ফেরিঘাটে টোল আদায়কারী মোহম্মদ আলী সরদার বলেন, কয়রা-পাইকগাছা-আশাশুনি-শ্যামনগরের ছয় থেকে আট হাজার লোককে প্রতিদিন ফেরি দিয়ে পারাপার করতে হচ্ছে। শিবসা সেতুর ঠিকাদারের পক্ষে কাজের তদারককারী শেখ নূর মোহম্মদ বলেন, ‘সেতুর কাজ শেষ করার জন্য ১৮ মাস কম সময়। তাই সময় বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। আশা করি শেষ হবে।’খুলনা সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, ‘আর একটি স্প্যানের কাজ বাকি। আশা করি মে-জুনের মধ্যে কাজ শেষ হবে।’খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব আলী বলেন, ‘সেতুর কাজ শেষ হওয়ার আগেই বাইপাস সড়কের পিচ উঠে যাওয়ায় আমি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি।’