একটির অভিযোগপত্র জমা অন্যটি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে রাজধানীর পুরানা পল্টন এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় পল্টন থানায় দুটি মামলা হয়েছিল।এর মধ্যে যুবমৈত্রীর কর্মী রাসেল খান হত্যা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অন্যদিকে শিবিরের কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে দায়ের হওয়া মামলাটি সম্প্রতি প্রত্যাহার করে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল বৃহস্পতিবার জানতে চাওয়া হলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, ছাত্রমৈত্রীর কর্মী রাসেল খান নিহত হওয়ার পর ২০০৬ সালের ৩০ অক্টোবর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান বাদী হয়ে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ ১০ জনকে আসামি করে পল্টন থানায় মামলা করেছিলেন। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২০০৭ সালের ১০ এপ্রিল জামায়াতের আমির নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ১০ জনকে অভিযুক্ত করে মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই মামলায় নিজামী ও মুজাহিদ জামিনে আছেন।একই ঘটনায় ২৯ অক্টোবর পুলিশের উপপরিদর্শক (এসআই) এ টি এম সিরাজুল হক বাদী হয়ে রাজপথে মানুষ পিটিয়ে মারার অভিযোগে পল্টন থানায় মামলা করেন। ডিবি পুলিশ ওই মামলারও তদন্ত শেষে ২০০৭ সালের ১০ এপ্রিল ৪৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওই মামলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে অভিযোগপত্র দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পর্যায়ে গঠিত কমিটি ২০০৯ সালের ১০ জুন মামলাটি প্রত্যাহারের সুপারিশ করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ওই বছরের ৬ জুলাই তা প্রত্যাহার করে নেওয়া হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ ও নির্বাচন সংস্কারের দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে পল্টনে ১৪ দলের লগি-বৈঠা নিয়ে কর্মসূচি চলছিল। একপর্যায়ে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোটের সঙ্গে ১৪ দলের সংঘর্ষের সময় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হন। নিহত ব্যক্তিরা হলেন যুবমৈত্রীর খিলগাঁও থানা কমিটির যুগ্ম আহ্বায়ক রাসেল খান (২৩)। এ ছাড়া জামায়াতের কর্মী হাবিবুর রহমান মৃধা (৩৮) ও জসিম উদ্দিন (২২), ছাত্রশিবিরের সবুজবাগ থানার ২৭ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া শিপন (৩০) এবং ১০ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম (২০) ওই ঘটনায় নিহত হন।