একটির দরপত্রে অন্যটিতে কাজ
এক সড়কের জন্য দরপত্র আহ্বান করে অন্য একটি সড়কের নির্মাণকাজ করা হয়েছে। সেই সড়ক নির্মাণে আবার নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। অনিয়মের এ ঘটনা ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলায়। রংপুর-৬ আসনের আওয়ামী লীগের সাংসদ আবুল কালাম আজাদ প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাংসদ দাবি করেন, সড়কের ম্যাপ অনুযায়ী কাজ করা হয়েছে। চতরাহাট-গাংজোয়ার সড়কের কাজ না হলেও চতরাহাট-ছোট কুয়া সড়কের কাজ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চতরাহাট-গাংজোয়ার সড়কের ৯০০ মিটার পাকাকরণের জন্য গত বছরের ৮ জানুয়ারি এলজিইডি দরপত্র আহ্বান করে। এ জন্য সরকার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপি) আওতায় ৩৪ লাখ ৪৬ হাজার ৬০৩ টাকা বরাদ্দ দেয়। ওই বছরের ১৪ এপ্রিল সাংসদ আবুল কালাম আজাদ এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রংপুরের খান ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৯ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের শর্তানুযায়ী ইট ও খোয়া বিছানোর পর পিচ ঢালাই দেওয়ার কথা ছিল।
এলাকাবাসী অভিযোগ করেন, কার্যাদেশ দেওয়া হলেও এই সড়কের নির্মাণকাজ না করে সাংসদের নির্দেশে ঠিকাদার দেড় কিলোমিটার পূর্বে চতরাহাট-ছোট কুয়া পর্যন্ত সড়ক পাকাকরণের কাজ করে। কিন্তু এই কাজে অনেক অনিয়ম করা হয়েছে। গত বছরের ১২ জুলাই থেকে চলতি বছর ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিন কিস্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিলের টাকা দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, গত বছরের ১৪ এপ্রিল চতরাহাট-গাংজোয়ার সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গাংজোয়ার এলাকায়। কিন্তু কিছুদিন পর ভিত্তিপ্রস্তরের ফলকটি এখান থেকে তুলে নিয়ে চতরা ইউনিয়নের ছোট কুয়া এলাকায় স্থাপন করা হয়। কিন্তু পরে তা সরিয়ে ফেলা হয়। সরেজমিনে ভিত্তিপ্রস্তরের ফলকটি পাওয়া যায়নি।
চতরা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘চতরা-গাংজোয়ার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও নির্মাণকাজ করা হয়নি। এমপি পরে অন্য জায়গায় এ কাজ করেছেন বলে জেনেছি।’
গাংজোয়ার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, রাস্তার কাজের দরপত্রের নির্ধারিত স্থান অনুযায়ী কাজ করা হয়নি। এ নিয়ে এলাকার জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, চতরাহাট-গাংজোয়ার সড়কটি এখনো কাঁচা রয়ে গেছে।
পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী ফজলুল হক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঠিকাদারি প্রতিষ্ঠান খান ব্রাদার্সের মালিক বাতেন আলম বলেন, ‘আমার লাইসেন্সে এ কাজটি অন্য একজন ঠিকাদার করেছেন। শুনেছি, এক জায়গার কাজ অন্য জায়গায় করা হয়েছে।’
এলজিইডির রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদের কাছে দরপত্র অনুযায়ী চতরা-গাংজোয়ার সড়ক নির্মাণ হয়েছে কি না, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘সরেজমিনে দেখতে পারেন।’ এর চেয়ে বেশি কিছু বলতে তিনি রাজি হননি।