সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ-সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া দুটি চিত্রল হরিণ আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। গত মঙ্গলবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামে আসে হরিণ দুটি। এর মধ্যে একটি হরিণের মৃত্যু হয়েছে। অন্যটিকে গতকাল বুধবার দুপুরে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে জানান, মঙ্গলবার রাতে কোনো এক সময়ে হরিণ দুটি শুকিয়ে যাওয়া ভোলা নদী পার হয়ে তাফালবাড়ি গ্রামে চলে আসে। গতকাল ভোরে গ্রামবাসী ধাওয়া করে হরিণ দুটিকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করে। দুপুরে হরিণ দুটিকে শরণখোলা স্টেশনে আনার পথে একটি হরিণ মারা যায়। ধারণা করা হচ্ছে, গ্রামবাসীর হাতে আটক হওয়ার সময় হরিণটি মারাত্মক আঘাত পেয়েছিল। মৃত হরিণটির চামড়া সংরক্ষণ করে দেহাবশেষ মাটিচাপা দেওয়া হয়েছে। জীবিত হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।