নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি) ও হিযবুত তাহ্রীরের সদস্যসহ অন্যদের বিরুদ্ধে গত ১৫ বছরে ২৯টি মামলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত একটি মামলারও বিচারকাজ শেষ হয়নি।
সেসব মামলার আসামিদের তালিকায় আছেন শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, মুফতি আবদুল হান্নান, আতাউর রহমান ওরফে সানি। ইতিমধ্যে দেশের অন্যান্য স্থানে দায়েরকৃত মামলার রায়ে আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ও আতাউর রহমানের ফাঁসি কার্যকর করা হয়েছে। জঙ্গিবাদসহ অন্যান্য অভিযোগে নারায়ণগঞ্জে প্রথম মামলাটি হয় ২০০১ সালের ১৬ জুন। সর্বশেষ মামলাটি হয় চলতি বছরের ১৭ জুন।
২৯টি মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় চারটি, ফতুল্লা মডেল থানায় ১০টি, বন্দর থানায় দুটি, সিদ্ধিরগঞ্জ থানায় পাঁচটি, রূপগঞ্জ থানায় পাঁচটি, আড়াইহাজার থানায় একটি ও সোনারগাঁ থানায় দুটি মামলা হয়। আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় দুটি মামলা ছাড়া বাকি সব কটি মামলার বাদী পুলিশ। ২৯টি মামলার মধ্যে দুটির তদন্তকাজ এখনো শেষ হয়নি। বাকি মামলাগুলোর বিচারকাজ চলছে আদালতে।
সবচেয়ে আলোচিত মামলাটি হয় ২০১১ সালের ১৬ জুন শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে শক্তিশালী বোমা হামলায় ২০ জন নারী-পুরুষ নিহত হওয়ার ঘটনায়। এ ঘটনায় দুটি মামলার বিচার ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এবং ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে শুরু হয়। মামলার অভিযোগপত্রে ৫৬ জন সাক্ষী থাকলেও দীর্ঘ ৩০ মাসে মাত্র একজন সাক্ষী, মামলার বাদী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সাক্ষ্য দিয়েছেন। এ হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ না হাওয়ায় হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা হতাশা ব্যক্ত করেছেন।
চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলার পরপরই হত্যা ও বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পৃথক মামলা করেন খোকন সাহা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি মামলায় অভিন্ন ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিরা হলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাৎউল্লাহ ওরফে জুয়েল, হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, হুজির সদস্য দুই ভাই আনিসুল মোরসালীন ও মাহবুবুল মুত্তাকিন, উত্তর চাষাঢ়ার বাসিন্দা ওবায়দুল হক, নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম ওরফে শকু। ছয় আসামির মধ্যে শাহাদাৎউল্লাহ ও মুফতি আবদুল হান্নান কারাগারে।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ও রোমহর্ষক মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জে এ ধরনের মামলার সংখ্যা ২৮টি। এ তালিকার ৫ ও ৬ নম্বরে রয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা ঘটনার মামলা দুটি।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি। নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানায় পরদিন ১৮ আগস্ট দুটি মামলা করা হয়। এসব মামলায় ২০০৬ সালের অক্টোবর মাসে জেএমবি নেতা আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম, আতাউর রহমানসহ ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলা দুটির বিচারকাজ চলছে।
জেএমবি নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে বন্দর থানায় ২০০৭ সালের জানুয়ারি মাসে দুটি, আড়াইহাজার থানায় একটি, সোনারগাঁ থানায় দুটি, রূপগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। জেএমবির আরেক নেতা মেহেদী হাসান ওরফে আবীর ওরফে তানভীর ওরফে মুসফিকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে।
হিযবুত তাহ্রীর নেতা আমির হোসেন, নূর হোসেন, মাওলানা সাঈদুর রহমান ওরফে জাফর ওরফে আইয়ুব, ইমরান হোসেন মিয়া, রিয়ন মণ্ডল, শাহীন, মো. নজরুল, মো. রবিন, রফিক আহমেদ ওরফে সাজিদ, নাদিম হোসেন ওরফে সুমন, সালাহউদ্দিন আহমেদ, মো. ওমরের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি, ফতুল্লা মডেল থানায় দুটি মামলা রয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এসব মামলা করা হয়। এ ছাড়া জঙ্গি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ও সহায়তার অভিযোগ ফতুল্লা মডেল থানায় ছয়টি, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি, রূপগঞ্জ থানায় একটি, সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে আরও কয়েকজনের বিরুদ্ধে।
জেলার সরকারি কৌঁসুলি (পিপি) এস এম ওয়াজেদ আলী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি মাত্র ১০ মাস আগে। জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলাগুলোর বিচারকাজ যাতে দ্রুত সম্পন্ন হয়, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা যাতে যথাসময়ে আদালতে সাক্ষ্য দিতে হাজির হন, সেসব বিষয়ে আমরা তৎপর রয়েছি। কয়েকজন আসামি গ্রেপ্তার হয়নি। কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। আর বিভিন্ন কারণে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার মামলা দুটির কার্যক্রম এগোয়নি।’