একটু একটু করে হাঁটছে শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাত ধরে শাহাদাতকে হাঁটানোর চেষ্টা করছেন তার বাবা সাজু মিয়া ও মা সেলিনা বেগম। গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l প্রথম আলো
হাত ধরে শাহাদাতকে হাঁটানোর চেষ্টা করছেন তার বাবা সাজু মিয়া ও মা সেলিনা বেগম। গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l প্রথম আলো

ডান হাত ধরেছেন মা, বাঁ হাত বাবা। দুজনের সহায়তায় মেঝেতে দুই পা রেখে দাঁড়াল সে। এবার হাঁটার চেষ্টা করতে সাহস দিলেন মা-বাবা। তাঁদের হাতে ভর দিয়ে একটু একটু করে হেঁটে চলল সে।
এভাবেই গতকাল শনিবার হাসপাতালের বিছানা থেকে নামল গুলিতে আহত শিশু শাহাদাত হোসেন ওরফে সৌরভ। গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাঁর হাঁটার এ দৃশ্য দেখা যায়। চিকিৎসকেরা এদিন বলেন, শাহাদাতের অবস্থা এখন অনেক ভালো। একটু একটু করে হাঁটতে পারছে সে।
গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা শাহাদাত ২ অক্টোবর সকালে বাড়ির কাছের সড়কে হাঁটার সময় দুই পায়ে গুলিবিদ্ধ হয়। সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সাংসদ মন্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে এ ঘটনা ঘটে বলে শাহাদাতের পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ। তখন থেকে শাহাদাত রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। তাঁর বাবা সাজু মিয়া সাংসদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গ্রেপ্তার হয়ে সাংসদ বর্তমানে কারাগারে।
গতকাল রংপুর মেডিকেলে পরিবারের সদস্যরা জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শাহাদাতকে প্রতিদিন তিনবার সকাল, দুপুর ও সন্ধ্যায় হাঁটানোর চেষ্টা করা হচ্ছে। নিয়মিত ব্যায়ামও করানো হচ্ছে। দিনে দিনে তার অবস্থা ভালো হচ্ছে। তবে বাঁ পা ফেলতে কিছুটা কষ্ট হচ্ছে।
মা-বাবার হাত ধরে কিছুক্ষণ হাঁটার পর শাহাদাত আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। জানতে চাইলে সে বলে, ‘আগের থাকি অনেক ভালো আছি। ডাক্তার কইছে ভালো হয়া যাইবে।’
শাহাদাতের মা সেলিনা বেগম বলেন, ‘হামরা সবার কাছোত দোয়া চাই। গ্রামোত যায়া যেন ভালোভাবে থাইকপার পাই।’
হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক বাবলু কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘ভালো করে হাঁটতে শিশুটির আরও সময় লাগবে। তবে এখন আর তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই।’
জানতে চাইলে হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, আগামীকাল (আজ রোববার) অথবা পরশু (আগামীকাল সোমবার) শাহাদাতকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে।