একটু ঠাঁই চান রওনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইডেন মহিলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী রওনক জাহান। থাকতেন আজিমপুর কলোনির একটি মেসে। একদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পান। স্বাভাবিক চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। এখন তাঁকে হুইলচেয়ারে বসে চলাফেরা করতে হয়।আশা করেছিলেন কলেজ কর্তৃপক্ষ শারীরিক সমস্যার কথা বিবেচনা করে তাঁকে ছাত্রীনিবাসে একটি সিট (আসন) বরাদ্দ দেবে। এ জন্য আবেদনও করেছিলেন। কিন্তু ঠাঁই মেলেনি।রওনক জাহান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের আবদুল গনির মেয়ে। ৪ জানুয়ারি ওই বাড়িতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, তাঁরা ছয় বোন ও এক ভাই। তিনি সবার ছোট। ২০১১ সালে ইডেন মহিলা কলেজে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন।রওনক জাহান জানান, ২০১১ সালের ৩ অক্টোবর বিকেল চারটায় মেসের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান। এরপর তিনি চিকিৎসা নেওয়ার জন্য সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) ভর্তি হন। সেখানে থেকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান। ২০১২ সালের ৬ অক্টোবর তাঁর প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। সিআরপি থেকে দেড় হাজার টাকা চুক্তিতে ট্যাক্সিক্যাব ভাড়া করে ঢাকায় এসে প্রতিটি পরীক্ষা দেন তিনি।রওনক আরও জানান, ২০১২ সালের আগস্টের শেষ দিকে হলের সিট পাওয়ার জন্য অন্যান্য শিক্ষার্থীর মতো তিনিও আবেদন করেন। তিনি শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষকে কোনো হলের নিচতলায় সিট বরাদ্দের অনুরোধ করেন। কিন্তু কোনো কাজ হয়নি।রওনকের মা শামছুন নাহার জানান, একটা সিটের কারণে তাঁর মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। পড়ালেখা করতে পারলে সে সমাজের বোঝা হয়ে থাকত না।ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ রওশন জাহান জানান, হলে প্রথম বর্ষের মেয়েদের সিট দেওয়ার নিয়ম নেই। এ কারণে মেয়েটি সিট পায়নি। মেয়েটির অভিভাবকদের তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।